২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে হারিয়ে মধুর প্রতিশোধ মেরিনার্সের

শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণ এক জয় তুলে নিয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপাধারীরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2024, 07:23 PM

Updated : 14 Apr 2024, 07:23 PM

চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে মোহামেডানের রাসেল মাহমুদ জিমি ও মেরিনার ইয়াংসের আবেদ উদ্দিন বাহাসে জড়ালেন। আম্পায়ারের দুজনকে দিলেন হলুদ কার্ড। তাতে ম্যাচের বাকি অংশে খেলা হলো না দুজনের। তাতে ক্ষতিটা যেন বেশি হলো মোহামেডানেরই। অধিনায়ক ও দলের তারকা ফরোয়ার্ডের অনুপস্থিতিতে সমতাসূচক গোলের দেখাই আর পেল না তারা।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্সের ম্যাচে মোহামেডানকে ৩-২ গোলে হারিয়েছে মেরিনার্স। এই জয়ে প্রথম পর্বে ‘সাদাকালো’দের বিপক্ষে একই ব্যবধানের হারের মধুর প্রতিশোধও নিয়েছে প্রতিযোগিতার শিরোপাধারীরা।

দারুণ শুরু অবশ্য পেয়েছিল মোহামেডানই। ত্রয়োদশ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জ্যাং জং হিয়ুনের লক্ষ্যভেদে এগিয়ে যায় তারা। পিছিড়ে পড়ার পর আড়মোড় ভেঙে জেগে ওঠে মেরিনার্স। ২৮ থেকে ৫১তম মিনিটের মধ্যে তিন গোল তুলে নেয় তারা।

তিনটি পেনাল্টি কর্নার থেকে সোহানুর রহমান সবুজ দুটি এবং রাজিন্দর সিং একটি গোল করেন। ৫৪তম মিনিটে জিমির হিট ঠিকানা খুঁজে পেলে ম্যাচ জমিয়ে তোলে মোহামেডান। কিন্তু এর একটু পরই আবেদের সাথে তর্কে জড়িয়ে মাঠ ছাড়তে হয় জিমিকে।

চলতি লিগে এ নিয়ে সবুজের গোল হলো ৩৩টি। সুপার সিক্সে টানা তৃতীয় জয় পেল তার দল মেরিনার্স। আগের দুই ম্যাচে ঊষা ক্রীড়া চক্রকে ৫-৩ ও আবাহনীকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

সুপার সিক্সে টানা দুই জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল মোহামেডান। আগের দুই ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৯-২ গোলে হারানোর পর বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৬-৩ ব্যবধানে জিতেছিল তারা।