২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ বছরের কোচিংয়ে স্বপ্ন ছোঁয়ার হাতছানিতে উচ্ছ্বসিত নাপোলি কোচ

মুকুট মাথায় তোলা থেকে আর এক জয় দূরে লুসিয়ানো স্পাল্লেত্তির দল নাপোলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 05:26 PM

Updated : 24 Apr 2023, 05:43 PM

দীর্ঘ কোচিং ক্যারিয়ারে পেরিয়ে এসেছেন ৩০টি বসন্ত। পার করেছেন কঠিন সব সময়। পথটা কখনোই মসৃণ ছিল না। তবে লক্ষ্যে অটল থেকে, সব বাধা জয় করে অবশেষে সেরা সাফল্য উপভোগের খুব কাছে পৌঁছে গেছেন কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি। ইউভেন্তুসের বিপক্ষে দারুণ জয়ের পর সেরি আর মুকুট মাথায় তোলা থেকে আর এক জয় দূরে তার দল নাপোলি। অসাধারণ এই সাফল্যের হাত ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে স্পাল্লেত্তি ফিরে তাকালেন ফেলে আসা সময়ে।

স্পাল্লেত্তির মতো ক্লাব নাপোলির অপেক্ষাটাও সুদীর্ঘ। সেই ১৯৮৯-৯০ মৌসুমে দিয়েগো মারাদোনার হাত ধরে নিজেদের দুটি লিগ শিরোপার সবশেষটি জিতেছিল তারা। ৩৩ বছরের প্রতীক্ষা শেষে আবারও ইতালির শীর্ষ লিগের ট্রফির সুবাস পাচ্ছে নেপলসের দলটি।

সবশেষ রোববার রাতে ইউভেন্তুসের মাঠে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জাকোমো রাসপাদোরির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি। পৌঁছে যায় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে।

৩১ ম্যাচে ২৫ জয় ও ৩ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ১৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লাৎসিও।

আগামী শনিবার লিগ টেবিলের ১৪ নম্বর দল সালেরনিতানার বিপক্ষে ঘরের মাঠে খেলবে নাপোলি। প্রত্যাশা অনুযায়ী সবকিছু হলে হয়তো ওই ম্যাচেই শিরোপা নিশ্চিত করে ফেলবে কিংবদন্তি মারাদোনার ক্লাব।

শিরোপার এত কাছে এসেও নির্ভার হতে পারছেন না স্পাল্লেত্তি। তবে সুবাস যে পাচ্ছেন, তা তার কথায় ঠিকই ফুটে উঠল। সেই সঙ্গে নিজ দেশের ফুটবলে এখনও কোনো লিগ শিরোপা জিততে না পারা কোচ তার খেলোয়াড়দের উদ্দেশ্যে বললেন, কাজ এখনও বাকি।

“আমার পথচলা খুব মসৃণ ছিল না। নানা বাধা উৎরাতে হয়েছে। জীবনে যত ত্যাগ স্বীকার করেছি, সেসবের প্রতিদানে আজকে এই শিরোপা জয়ের অবস্থানে আসতে পেরেছি।“

নাপোলির এই সাফল্যের সবচেয়ে বড় কারিগর নিশ্চিতভাবেই বলা যায় স্পাল্লেত্তিকে। সাম্প্রতিক বছরগুলোয় সেরি আয় সবসময়ই তারা পেয়েছে শক্তিশালী দলের মর্যাদা, মারাদোনা যুগের পর অনেকবার শিরোপা লড়াইয়ে চ্যালেঞ্জও জানাতে পেরেছে তারা। কিন্তু সাফল্য রয়ে গেছে অধরা।

স্পাল্লেত্তির হাত ধরে বহুদিনের অপূর্ণতা এবার ঘুচতে চলেছে দলটির।

খেলোয়াড়ী জীবনের ইতি টেনে ১৯৯৩ সালে ইতালির ক্লাব এম্পোলির হয়ে কোচিং শুরু করেন স্পাল্লেত্তি। ডাগআউটে তিন দশকের ক্যারিয়ারে পাঁচটি বছর বাদে পুরোটা সময় দেশের বিভিন্ন ক্লাবেই কাটিয়েছেন তিনি। বিদেশের ক্লাবে একমাত্র দায়িত্বে ছিলেন রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবুর্গে, ২০০৯-২০১৪। লিগ শিরোপার স্বাদ ওখানেই পেয়েছেন দুবার।

খেলোয়াড়ী জীবনে কখনোই সেভাবে পাদপ্রদীপের আলোয় উঠে আসতে পারেননি সাবেক এই মিডফিল্ডার। খেলতে পারেননি বড় কোনো ক্লাবে। কোচিংয়েও তার পাড়ি দিতে হয়েছে দুর্গম পথ।

“মূলত যারা অন্য ধাপ থেকে শুরু করে, তাদের চেয়ে আমি আরও বেশি কঠিন পথ বেছে নিয়েছি। তাদের জন্য হয়তো সেটাই ঠিক, কারণ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে তারা এমন কিছু অর্জন করেছে যাতে (কোচিংয়ে) বড় দল দিয়ে শুরু করতে পেরেছে।”

২০২০-২১ মৌসুমে দল লিগে পঞ্চম হওয়ার পর জেন্নারো গাত্তুসোকে বিদায় করে স্পাল্লেত্তিকে দায়িত্ব দেয় নাপোলি। ইন্টার মিলান থেকে ছাঁটাই হওয়ার পর প্রায় দুই বছরের বেকার জীবন শেষে নতুন অধ্যায় শুরু করেন তিনি।

তার হাত ধরে প্রথম মৌসুমেই শিরোপা লড়াইয়ে উঠে আসে নাপোলি। শেষ পর্যন্ত না পারলেও চ্যাম্পিয়ন এসি মিলানের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তৃতীয় হয়ে আসর শেষ করে দলটি।

গত মৌসুমে লিগের শেষ চার ম্যাচ জিতে যেভাবে শেষ করেছিল নাপোলি, চলতি মৌসুমে যেন সেখান থেকেই শুরু করে তারা। মৌসুমের শুরু থেকে অপরাজেয় পথচলায় লিগ টেবিলের শীর্ষে অবস্থান নেয় দলটি। আসরের প্রথম প্রায় সাত মাসে তাদের হার ছিল মাত্র একটি।

সেখানে মার্চের শুরু থেকে এ পর্যন্ত পরের সাত ম্যাচে দুটি হার ও একটি ড্রয়ের তেতো স্বাদ পেলেও পয়েন্ট তালিকায় সবসময় শীর্ষেই ছিল তারা। অবিস্মরণীয় এই যাত্রায় এখন কেবল শেষটা রাঙানোর পালা। ছয় রাউন্ড বাকি থাকতে আসছে ম্যাচেই প্রিয় সমর্থকদের সামনে লক্ষ্য ছুঁতে পারলে তা হবে অসাধারণের চেয়েও যেন বেশি কিছু।

স্পাল্লেত্তি ও তার দল এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায়।