ভারতের জয় রুখে গ্রুপ সেরা কুয়েত
শেষ সময়ে আত্মঘাতী গোল খেয়ে জয় হাতছাড়া হয়েছে ভারতের।
সুনিল ছেত্রির গোলে জয়ের পথেই ছিল ভারত। শেষ সময়ে হয়ে গেল গড়বড়। আত্মঘাতী গোল খেয়ে বসল তারা। মূল্যবান এক পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে গেল কুয়েত।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মঙ্গলবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
গ্রুপ থেকে এই দুই দলের সেমি-ফাইনালে খেলার টিকেট নিশ্চিত হয়েছিল আগেই। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে কুয়েত ও ভারতের সমান ৭ পয়েন্ট। গোল পার্থক্যও সমান। ভারতের (৭) চেয়ে গোল বেশি করায় গ্রুপ সেরা হয়েছে কুয়েত (৮)।
দিনের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে আসর শেষ করে নেপাল। পাকিস্তান হারে তিন ম্যাচে সবগুলিই।
কুয়েতের বিপক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে ভারতকে এগিয়ে নেন ছেত্রি। কর্নার থেকে আসা বল বক্সে দারুণ ভলিতে জালে পাঠান তিনি।
আসরের সর্বোচ্চ গোলদাতার এটি পঞ্চম গোল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকের পর নেপালের বিপক্ষে করেন একটি।
জাতীয় দলের হয়ে ৩৮ বছর বয়সী তারকার ১৪০ ম্যাচে গোল হলো ৯২টি। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল আছে কেবল লিওনেল মেসি (১০৩), আলি দাই (১০৯) ও ক্রিস্তিয়ানো রোনালদোর (১২৩)।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন কুয়েতের হামাদ আল কালাফ ও ভারতের রহিম আলি। যোগ করা সময়ে আত্মঘাতী গোলটি করেন আনোয়ার আলি। প্রতিপক্ষের শট ক্লিয়ারের চেষ্টায় নিজেদের জালে বল পাঠান তিনি।
এ দিন ডাগআউটে লাল কার্ড দেখেন ভারতের কোচ ইগর ইস্তিমাচও।
আগামী শনিবার প্রথম সেমি-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে আসরে দুই অতিথি দলের একটি কুয়েত।
একই দিন শেষ চারের আরেক ম্যাচে ‘বি’ গ্রুপের চাম্পিয়নের বিপক্ষে খেলবে শিরোপাধারী ভারত।
