কবে ফিরতে পারেন হলান্ড, জানালেন গুয়ার্দিওলা
দলের সঙ্গে অনুশীলন শুরু করেননি আর্লিং হলান্ড, তার পায়ের ব্যথাও এখনও কমেনি।
পায়ের চোটে মাঠের বাইরে থাকা আর্লিং হলান্ড কবে নাগাদ ফিরতে পারেন, অবশেষে সেই সম্পর্কে একটা ঠিকঠাক ধারণা পাওয়া গেল। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার আশা, জানুয়ারির শেষ দিকে তারকা এই স্ট্রাইকার ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠতে পারেন।
চলতি মাসের শুরুর দিকে পায়ে চোট পান হলান্ড। প্রথমে তার অবস্থা তেমন গুরুতর নয় বলেই শোনা গিয়েছিল। ক্লাব বিশ্বকাপে তাকে পাওয়ার আশা করেছিলেন গুয়ার্দিওলা। তবে দিনে দিনে তার অনুপস্থিতির সময়কাল দীর্ঘ হচ্ছে।
সবশেষ বুধবার রাতে এভারটনের বিপক্ষে ৩-১ গোলে সিটির জয়ের ম্যাচেও ছিলেন না নরওয়ের এই তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির গত ছয় ম্যাচে খেলতে পারেননি তিনি।
গত সপ্তাহে ক্লাব বিশ্বকাপ খেলতে সৌদি আরবে যায় সিটি। সেখানে দলের সঙ্গে ছিলেন হলান্ডও। সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেবল হলান্ডের অনুশীলনের একটি ছবি আসে। তবে সেটা যে তার এখনই চোট কাটিয়ে ফেরার কোনো ইঙ্গিত ছিল না, তা এভারটন ম্যাচের পর পরিষ্কার করলেন গুয়ার্দিওলা।
“দলের সঙ্গে নয়, হলান্ড একা অনুশীলন করছে। কেভিন ডে ব্রুইনে দলের সঙ্গে অনুশীলন করছে, কিন্তু আর্লিং এখনও নয়। এখন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, (হলান্ডের) ব্যথা কবে সারবে।”
“আশা করি, সে জানুয়ারিতে ফিরবে, তবে হাড়ের ব্যথা খুব কষ্টদায়ক। সে ফিল ফোডেনের মতো ছোটখাটো গড়নের কেউ নয়, আর্লিং বিশালদেহী।”
সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের আরেক জন এবং অধিনায়ক ডে ব্রুইনে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পান। সেই থেকে মাঠের বাইরে আছেন তিনি। অবশেষে তার মাঠে ফেরার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে।
সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ৬ জানুয়ারি এফএ কাপের তৃতীয় রাউন্ডে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে খেলতে পারেন বেলজিয়ান মিডফিল্ডার ডে ব্রুইনে। গুয়ার্দিওলাও সেই সম্ভাবনার কথা বললেন।
“হ্যাঁ, সে মাঠে ফেরার খুব কাছাকাছি আছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। সে আমাদের সঙ্গে অনুশীলন করছে এবং ইতিবাচক আছে। শীঘ্রই সে ফিরবে।”
“হাডার্সফিল্ডের বিপক্ষে তাকে খেলাতে পারলে আমার দারুণ লাগবে। তবে তাকে লম্বা সময়ের জন্য ফিট রাখাটাই সবচেয়ে জরুরি।”
