১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফরাসি ওপেনের আগে রিবাকিনার চোট ধাক্কা

স্টুটগার্ট ওপেনের ম্যাচ খেলার সময় পিঠের সমস্যায় সরে যেতে বাধ্য হন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2023, 03:59 PM

Updated : 21 Apr 2023, 03:59 PM

ফরাসি ওপেন শুরু হতে আর বাকি আছে এক মাসের একটু বেশি। এমন সময় চোট পেয়ে ছিটকে গেলেন গতবারের উইম্বলডনে নারী এককের চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনা।

চলতি স্টুটগার্ট ওপেনে বৃহস্পতিবার শেষ ষোলোর ম্যাচ খেলার সময় পিঠের নিচের দিকে সমস্যা অনুভব করেন রিবাকিনা। প্রথম সেটে মাত্র একটি গেম জেতা এই নারী খেলোয়াড় দ্বিতীয় সেটে ২-১ এ পিছিয়ে থাকার সময় মেডিকেল টাইমআউট নেন।

এরপর তিনি কোর্টে ফিরলেও খেলা চালিয়ে যেতে পারেননি। ব্রাজিলের হাদাজ মাইয়া আরেকটি গেম জয়ের পর নিজেকে সরিয়ে নেন ২৩ বছর বয়সী কাজাখস্তানের এই খেলোয়াড়; ৬-১, ৩-১ গেমে পিছিয়ে ছিলেন তিনি।

গত বছর উইম্বলডনে কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতেন রিবাকিনা। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও উঠেছিলেন তিনি; তবে সেখানে হেরে যান বেলারুশের আরিনা সাবালেঙ্কার বিপক্ষে।

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম এবারের ফরাসি ওপেন শুরু হবে আগামী ২৮ মে, চলবে ১১ জুন পর্যন্ত। ক্লে কোর্টের এই প্রতিযোগিতায় রিবাকিনার সেরা সাফল্য ২০২১ আসরের কোয়ার্টার-ফাইনালে ওঠা।