২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়ালে যাওয়ার আগে আরেকটি ট্রফি জিতে এন্দ্রিক বললেন, ‘আইডল হতে চাই’

পালমেইরাসের হয়ে ছোট্ট ক্যারিয়ারে পঞ্চম ট্রফির স্বাদ পেলেন ১৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2024, 05:30 PM

Updated : 08 Apr 2024, 07:30 PM

বয়স কেবল ১৭ বছর। এরই মধ্যে পালমেইরাসের হয়ে পঞ্চম ট্রফির স্বাদ পেয়ে গেলেন এন্দ্রিক। মাস তিনেক পর রেয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বললেন, শিশুদের জন্য আদর্শ হতে চান তিনি, যেন তাকে দেখে ডানা মেলার স্বপ্ন দেখতে পারে নতুন প্রজন্ম। 

সান্তোসকে ২-০ গোলে হারিয়ে রোববার সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপ জেতে পালমেইরাস। দলের জয়ে অবদান রাখেন এন্দ্রিক। ৩৩তম মিনিটে পেনাল্টি আদায় করে নেন তিনি, যা থেকে গোল করে দলকে এগিয়ে নেন রাফায়েল ভেইগা। ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরেনো। 

আরেকটি ট্রফি জয়ের পর এন্দ্রিক জানিয়ে দেন তার একটি স্বপ্নের কথা।

“জানি, আমি নতুন প্রজন্মের মধ্যে আছি। আমাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। সকল শিশুর জন্য আইডল হওয়ার স্বপ্ন আমার। এটাও জানি যে কাজটা কঠিন, কারণ এমন কিছু মানুষ আছে যারা আমাকে পছন্দ করে না, কিন্তু তাদের জন্য আমি নতুন আইডল হতে চাই। আমি চাই তারা আমার দিকে তাকাবে এবং ভাববে যে, আমি এই অবস্থানে আসতে পারলে তারাও পারবে।” 

২০২৩ সালেও পালমেইরাসের সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অংশ ছিলেন এন্দ্রিক। এছাড়া ২০২২ ও ২০২৩ সালে জেতেন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ। ব্রাজিল সুপার কাপ জয়ের স্বাদ পান ২০২৩ সালে। 

‘নতুন পেলে’ নামে পরিচিত দারুণ প্রতিভাবান এই ফুটবলার গত মাসে ব্রাজিলের হয়ে দুটি প্রীতি ম্যাচে গোল করেন ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে। ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে লড়াইয়ে জিতে ২০২২ সালে তার সঙ্গে চুক্তি করে রেয়াল। আগামী জুলাইয়ে তিনি পাড়ি জমাবেন ইউরোপের সফলতম ক্লাবটিতে।

জাতীয় দলের সঙ্গে থাকার সময়ে তাকে রেয়ালের দুই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো জিজ্ঞেস করেছিল, কখন তাদের সঙ্গে যোগ দেবেন তিনি। জানতে চান অন্যরাও। তবে বর্তমানে তার ভাবনাজুড়ে কেবলই পালমেইরাস।   

"ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো জানতে চেয়েছিলেন, আমি কখন মাদ্রিদে যাচ্ছি। লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেসও একই কথা জিজ্ঞেস করেছে। জানি আমি চলে যাচ্ছি, কিন্তু আমার মন এখনও এখানেই আছে।” 

১১ বছর বয়সে পালমেইরাসের যুব দলে যোগ দেন এন্দ্রিক। প্রতিভার ঝলক দেখিয়ে উঠে আসেন মূল দলে। কৃতজ্ঞতা জানালেন তিনি ক্লাবের প্রতি। 

"পালমেইরাস এমন এক দল, যারা আমার ওপর তখন বিশ্বাস রেখেছিল, যখন আমার কিছুই ছিল না। এই শিরোপা পালমেইরাসের সবার জন্য, স্টাফ এবং সকল সমর্থকের জন্য।”