১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইয়েমেনের কাছে হেরে বাছাই শেষ যুবাদের

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশাও ফিকে হয়ে গেল বাংলাদেশের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 09:11 PM

Updated : 09 Oct 2022, 09:11 PM

শুরুর ছন্দ হারিয়ে গেল চন্দন রায়ের হাস্যকর ভুলে। এরপর আর কখনই ইয়েমেনকে চাপ দিতে পারল না বাংলাদেশ। হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই শেষ করল পল স্মলির দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার ৪-০ গোলে হারে বাংলাদেশ। টানা তিন জয়ে গ্রুপ সেরা হয়ে ২০২৩ সালে মূল পর্বে খেলবে ইয়েমেন।

১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ছয় রানার্সআপ পাবে মূল পর্বে খেলার টিকেট। ‘ই’ গ্রুপে রানার্সআপ হলেও সেরা ছয় রানার্সআপের একটি হওয়া বাংলাদেশের জন্য কঠিনই।

সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে বাছাই শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায়।

‘আই’ গ্রুপ থেকে তিমুর-লেস্তে এবং ‘জে’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় বাইলজে এসেছে পরিবর্তন। পাঁচ ও চার দল নিয়ে হওয়া গ্রুপগুলোর সেরা তিন দলের মধ্যকার ফল বিবেচিত হবে সেরা ছয় রানার্সআপ নির্ধারণের ক্ষেত্রে।

সেক্ষেত্রে ‘ই’ গ্রুপে চতুর্থ হওয়া ভুটানের বিপক্ষে বাংলাদেশের ২-০ গোলের জয় বিবেচিত হবে না। এর বাইরে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের জয় এবং ইয়েমেনের কাছে হারের পর ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ স্মলির দল। গোল পার্থক্যের হিসেবও বাংলাদেশের (-৩) পক্ষে নেই। কাগজে-কলমে টিকে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত মূল পর্বের টিকেট পাবে কিনা, তা জানা যাবে বাকি গ্রুপের ম্যাচ শেষে।

টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা বাংলাদেশ শুরুতে খেলে গোছাল ফুটবল। সপ্তম মিনিটে সুযোগ আসে, কিন্তু মোলতাজিম আলম হিমেলের দুরূহ কোণ থেকে নেওয়া শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লাগে।

২২তম মিনিটে চন্দন রায়ের হাস্যকর ভুলের আগ পর্যন্ত ইয়েমেন তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি বাংলাদেশের। বক্সে অহেতুক আব্দুল রহমান আব্দুল্লাহকে ফাউল করে বসলেন চন্দন। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করলেন আনোয়ার হোসেন আল তুরাইকি।

গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ইয়েমেন ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। ডান দিক থেকে আসা ক্রস গোলরক্ষক সোহানুর রহমান সোহান আটকানোর পর ডিফেন্ডাররা পারেননি পুরোপুরি বিপদমুক্ত করতে। বক্সের ঠিক উপর থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ওয়াহিব নোমান।

চার মিনিট পর গোলের সুবর্ণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। থ্রো ইনের পর সতীর্থের হেড পাসে বল দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার আগে নাজিম উদ্দিন স্লাইড করেও নাগাল পাননি।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোছাল আক্রমণ থেকে বাংলাদেশকে আরও কোণঠাসা করে ফেলে ইয়েমেন। তিন সতীর্থের পা ঘুরে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন আদেল আব্বাস কাশেম।

আর ৭৮তম মিনিটে আমির আল বিরুনির গোল বাংলাদেশকে ছিটকে দেয় ম্যাচ থেকে।