২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এভাবে খেললে পিএসজিকে হারানো যাবে না', বললেন নাগেলসমান

দলের খেলায় আরও উন্নতি দেখতে চান বায়ার্ন মিউনিখ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 05:14 PM

Updated : 12 Feb 2023, 05:14 PM

টানা তিন ম্যাচে হোঁচট খাওয়ার পর আবার জয়ের ধারায় ফিরেছে বায়ার্ন মিউনিখ। সবশেষ ম্যাচে বোচুমকে উড়িয়ে পিএসজির বিপক্ষে লড়াইয়ের জন্য বাড়তি আত্মবিশ্বাসও পেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। তারপরও আসছে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে ঠিক স্বস্তিতে থাকতে পারছেন না বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসমান।

ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে আগামী মঙ্গলবার পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন। দলের সবার প্রতি নাগেলসমানের সতর্কবার্তা, খেলায় উন্নতি না করতে পারলে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে ভুগতে হবে।

বিশ্বকাপ এবং তার পরবর্তী লম্বা বিরতির পর মাঠে নেমে খুব ভুগতে দেখা যায় বায়ার্নকে। বুন্ডেসলিগায় পরপর তিন ম্যাচে ড্র করে তারা; তিনটি ম্যাচেরই ফল স্কোরলাইন ১-১।

সেই ধাক্কা সামলে গত সপ্তাহে ভলফসবুর্কের মাঠে ৪-২ গোলে জিতে তারা। আর সবশেষ লিগেই গত শনিবার বোচুমকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় বায়ার্ন। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরে আছে মিউনিখের দলটি।

জয় পেলেও দল যেভাবে খেলেছে, তাতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না নাগেলসমান। স্কাই স্পোর্টকে সাবেক এই লাইপজিগ কোচ বলেন, পিএসজির বিপক্ষেও এভাবে খেললে ইতিবাচক ফলাফল পাওয়া কঠিন হবে তাদের জন্য।

“আমরা যদি পূর্ণোদ্যমে পারফর্ম করতাম, যেটা একইসঙ্গে উপভোগ্যও…মাঠে আরেকটু উদ্যম দেখাতাম, তাহলে আমি মনে করি প্রথম ছয় মিনিটেই আমরা দুই বা তিন গোলে এগিয়ে যেতে পারতাম।”

“আমাদের প্যারিসে একটি অসাধারণ ম্যাচ খেলতে হবে, এমনকি (কিলিয়ান) এমবাপে না খেললেও, কারণ তারা বিশ্বমানের দল। মঙ্গলবারও যদি আমরা এভাবে খেলি, তাহলে জয়ের জন্য তা যথেষ্ট হবে না।”

চোটের কারণে লিগ ওয়ানে শনিবার মোনাকোর বিপক্ষে পিএসজির হারের ম্যাচে খেলেননি এমবাপে। ওই ম্যাচের পর দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ে বলেন, বায়ার্নের বিপক্ষেও ফরাসি ফরোয়ার্ডের খেলার সম্ভাবনা নেই।

মোনাকোর বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসিও। তবে বায়ার্ন ম্যাচে আর্জেন্টাইন তারকাকে পাওয়ার আশায় আছে পিএসজি।