২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল নাস্‌রকে খেলোয়াড় কেনায় ফিফার নিষেধাজ্ঞা

লেস্টার সিটির পাওনা অর্থ পরিশোধ না করা পর্যন্ত কোনো খেলোয়াড় কিনতে পারবে না সৌদি আরবের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 09:44 PM

Updated : 13 Jul 2023, 09:44 PM

চলতি গ্রীষ্মের দলবদলে আপাতত কোনো ফুটবলার দলে টানতে পারবে না আল নাস্‌র। লেস্টার সিটির পাওনা অর্থ পরিশোধ না করায় খেলোয়াড় কেনার ক্ষেত্রে সৌদি আরবের ক্লাবটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা।  

২০১৮ সালে নাইজেরিয়ার উইঙ্গার আহমেদ মুসাকে আল নাস্‌রের কাছে বিক্রি করেছিল লেস্টার। ইংলিশ ক্লাবটির দাবি, এখনও আল নাস্‌রের কাছে ৩ লাখ ৯০ হাজার পাউন্ড পাওনা আছে তাদের।

এই পাওনা অর্থ পরিশোধ করার সঙ্গে সঙ্গেই রিয়াদের ক্লাবটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।  

গত জানুয়ারিতে পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে টেনে ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দেয় আল নাস্‌র। চলতি গ্রীষ্মের দলবদলে তারা দলে ভিড়িয়েছে ক্রোয়েশিয়ার তারকা মার্সেলো ব্রজোভিচকে। চেলসি থেকে মোটা অঙ্কের পারিশ্রমিকে হাকিম জিয়াশকে দলে টানার চেষ্টাও তারা করে যাচ্ছে বলে গণমাধ্যমের খবর।