১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মায়ামিতে ফিরেই মেসির জোড়া, সুয়ারেসেরও দুই গোল

জোড়া গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করে ইন্টার মায়ামির জয়ে আইকন লুইস সুয়ারেস।

মায়ামিতে ফিরেই মেসির জোড়া, সুয়ারেসেরও দুই গোল

আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম‍্যাচ খেলার পর প্রথমবার মাঠে নেমে জোড়া গোল করলেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 12:49 PM

Updated : 11 Oct 2026, 12:49 PM

বদলে গেছে জার্সি, বদলেছে উপলক্ষও। তবে বদল নেই লিওনেল মেসির। জাতীয় দলকে বিদায় জানিয়ে ক্লাবে ফেরার পরও আপন মহিমায় উজ্জ্বল আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মায়ামির হয়ে তিনি করেছেন জোড়া গোল। সঙ্গে দুই গোল করে দলের বড় জয়ে ভূমিকা রেখেছেন লুইস সুয়ারেসও।

ঘরের মাঠে বাংলাদেশ সময় রোববার ভোরে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারায় মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে মেসির একটি গোলে অ্যাসিস্ট করেন সুয়ারেস।

মেসি-সুয়ারেসের যুগলবন্দীতে জয়ে ফিরেছে মায়ামি। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে সবশেষ ম্যাচে কলম্বাসের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল তারা। সেদিন মেসিই করেছিলেন দলের একমাত্র গোল।

পরে আর্জেন্টিনায় ফিরে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলেন আটবারের ব্যালন দ'র জয়ী তারকা। দুই অ্যাসিস্টের পর নিজেও একটি গোল করে বিদায় রাঙান তিনি। আবেগপূর্ণ ম‍্যাচে চোখে জল ও মুখে হাসি নিয়েই আকাশী-নীল জার্সিটি তুলে রাখেন মায়ামির তারকা।

আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে চার দিনের মাথায় মায়ামির গোলাপি জার্সিতেও একই ছন্দে মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি করেন গোল দুইটি।

মায়ামির গোল উৎসবের শুরুটা করেন সুয়ারেস। ম্যাচের দ্বিতীয় মিনিটেই খুব কাছ থেকে বাম পায়ের ফিনিশিংয়ে বল জালে পাঠান তিনি। পরে ৩৯ মিনিটে স্কোরলাইন ২-০ করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার।

এমএলএসের চলতি মৌসুমে সুয়ারেসের গোল হয়ে গেল ১৫টি। এর পাশাপাশি ৯টি অ্যাসিস্টও আছে তার। এ নিয়ে টানা তৃতীয় মৌসুমে ২০টির বেশি গোলে অবদান রাখলেন তিনি।

বিরতির পর দুই মিনিটের মধ্যে স্কোরশিটে নাম তোলেন মেসি। ডি-বক্সের মধ্যে ডান পাশ থেকে আলতো করে বল এগিয়ে দেন সুয়ারেস। বাম পায়ের প্রথম ছোঁয়ায় জাল খুঁজে নেন আর্জেন্টাইন জাদুকর।

পরে ৫৯ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে বল পেয়ে পায়ের কারিকুরিতে একাধিক ডিফেন্ডারকে ছিটকে ফেলে বাম পায়ের ফিনিশিংয়ে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন মেসি। সব মিলিয়ে এবারের লিগে মেসির গোল ২৩টি। পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি। আর সব মিলিয়ে ক‍্যারিয়ারে তার গোল হলো ৯৩৪টি।

এই জয়ে ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে তারা।