চ্যাম্পিয়ন্স লিগ সাফল্যের প্রশ্নে জর্ডানের উদাহরণ দিলেন গুয়ার্দিওলা
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য স্রেফ আকাঙ্ক্ষাই যথেষ্ট নয়, বলছেন ম্যানচেস্টার সিটির কোচ।
পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে ইংলিশ ঘরোয়া ফুটবলে একের পর এক শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এখনও অধরাই রয়ে গেছে। দলকে ইউরোপ সেরার মুকুট এনে দিতে উদগ্রীব গুয়ার্দিওলা। তবে কাজটা কতটা চ্যালেঞ্জিং, সেটিও তুলে ধরলেন এই স্প্যানিশ কোচ।
গুয়ার্দিওলার কোচিংয়ে গত পাঁচ মৌসুমে চারবার প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে সিটি। ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি দলকে লিগ কাপ জিতিয়েছেন চারবার, এফএ কাপও একবার।
গুয়ার্দিওলার প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ২০১৬-১৭ আসরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর এবার নিয়ে টানা ষষ্ঠবার প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে উঠেছে সিটি। যেখানে তাদের সেরা সাফল্য ২০২১ সালে রানার্সআপ হওয়া। সেবার তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টমাস টুখেলের চেলসি।
সেই টুখেলের বর্তমান দল বায়ার্ন মিউনিখের বিপক্ষে মঙ্গলবার শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে খেলবে সিটি। বার্সেলোনার কোচ হিসেবে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা গুয়ার্দিওলাকে সোমবার সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়, সিটির কোচ হিসেবে প্রতিযোগিতাটি জিততে তিনি কতটা উদগ্রীব। তিনি বলেন, ‘অনেক।’
“আমরা চেষ্টা করতে চাই। বায়ার্ন মিউনিখের মতো একটি অভিজাত ক্লাবের বিপক্ষে খেলার জন্য এখানে থাকাটা সম্মানের। আমরা জয়টাকে নিশ্চিত ধরে নিতে পারি না। আমাদের দুটি ম্যাচ খেলতে হবে। আগামীকাল যার শুরু হবে।”
"প্রশ্নটা প্রতি মৌসুমেই উঠছে। আমরা প্রতি মৌসুমে চেষ্টা করেছি। আমরা যে দলগুলোর মুখোমুখি হচ্ছি, তারাও ভালো এবং তারাও জিততে চায়। আমরা চেষ্টা করতে চাই, কিন্তু এর মানে এই নয় যে আমরা জিততে যাচ্ছি।”
এক্ষেত্রে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানকে উদাহরণ হিসেবে টানলেন ৫২ বছর বয়সী গুয়ার্দিওলা।
"মাইকেল জর্ডান ছয়টি এনবিএ শিরোপা জিতেছেন, তিনি কত বছর খেলেছেন? ১৬ বছর। তিনি জয়ের চেয়ে বেশি হেরেছেন।”
