২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নঁতের বিপক্ষে নেইমারকে শুরুতে বেঞ্চে রাখার কারণ জানালেন কোচ

সামনে অন্যদের ক্ষেত্রেও এমনটা দেখা যাবে বলে জানিয়েছেন ক্রিস্তফ গালতিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 04:53 PM

Updated : 04 Sep 2022, 05:08 PM

নঁতের মাঠে শুরুর একাদশে নেইমারের অনুপস্থিতি অনেককে অবাক করেছে। তবে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের মতে, কঠিন বাস্তবতায় এটা খুবই স্বাভাবিক। সামনে অন্যদের ক্ষেত্রেও এমনটা দেখা যাবে বলেও জানিয়েছেন তিনি।

ম্যাচের পর কোচ বললেন, সামনে ব্যস্ত সূচি থাকায় পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে শুরু থেকে খেলাননি তিনি। ফরাসি এই কোচ মনে করেন, দলের কারো পক্ষেই সব ম্যাচ খেলা সম্ভব হবে না।

লিগ ওয়ানে শনিবার রাতে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জেতে প্যারিসের ক্লাবটি। অন্য গোলটি নুনো মেন্দেসের।

এই ম্যাচে নেইমারসহ নিয়মিতদের চার জনকে বাইরে রেখে একাদশ গড়েন গালতিয়ে। দ্বিতীয়ার্ধে এমবাপেকেও তুলে নেন তিনি, নামান নেইমারকে।

মাঠে নামার কিছুক্ষণ পরই গোলের সম্ভাবনা জাগান নেইমার। তবে তার শট বাধা পায় পোস্টে। ফিরতি বল ফাঁকায় পেয়ে জোরাল শটে দলের তৃতীয় গোলটি করেন মেন্দেস।

এই ম্যাচে গোল না পেলেও ফ্রান্সের শীর্ষ লিগে গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন নেইমার (৭ গোল)।

মৌসুমের শুরু থেকে যে ফর্মে আছেন, তাতে ম্যাচের পুরোটা খেললে হয়ত গোলের দেখা পেতে পারতেন সাবেক বার্সেলোনা তারকা। তবে গালতিয়ের কাছে সবকিছু ছাপিয়ে মুখ্য ফুটবলারদের বিশ্রাম। চলতি মৌসুমের ব্যস্ত সূচি ও বছরের শেষের দিকে হতে যাওয়া কাতার বিশ্বকাপের ভাবনায় কাউকে টানা খেলিয়ে ক্লান্ত করতে চান না তিনি।

ম্যাচের পর টিভি চ্যানেল কানাল প্লাসকে দেওয়া প্রতিক্রিয়ায় নেইমারকে শুরুতে বেঞ্চে রাখার বিষয়টি পরিষ্কার করেন গালতিয়ে।

“অনেকের কাছে বিষয়টা (নেইমারের বিশ্রাম) নতুন লাগতে পারে। তবে ব্যস্ত সূচির কারণে সবার ক্ষেত্রেই এটা করা হবে। আমরা অনেক ম্যাচ খেলি, প্রতি তিন থেকে চার দিনে ম্যাচ খেলতে হয়। সবাই-ই বুঝতে পারছে যে তারা ৯৫ মিনিটের প্রতিটি ম্যাচ খেলতে পারবে না।”

“এই বিষয় নিয়ে আমি দুইবার কথা বলেছি। প্রথমবার প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে, দ্বিতীয়বার পুরো দলের সঙ্গে, তাদের বোঝাতে যে এটাই সঠিক সিদ্ধান্ত এবং সবাইকে সঠিক মনোভাব দেখাতে হবে। পাশাপাশি তারা যেন সতীর্থদের খেলার গুরুত্ব দেয়।”

নেইমারকে বেঞ্চে রাখা এবং দ্বিতীয়ার্ধে এমবাপেকেও তুলে নেওয়ার পেছনে সামনের ইউভেন্তুস ম্যাচ বড় কারণ হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরে আগামী মঙ্গলবার ঘরের মাঠে সেরি আর সফলতম ক্লাবটির বিপক্ষে লড়াই দিয়ে যাত্রা শুরু করবে ফরাসি চ্যাম্পিয়নরা।

খেলোয়াড়দের বিশ্রামের পাশাপাশি সবাইকে এক সুতোয় গাঁথার কাজটা এখন পর্যন্ত ভালোভাবেই করছেন চলতি মৌসুমে পিএসজির দায়িত্ব নেওয়া গালতিয়ে।

নঁতের বিপক্ষে ৩ গোল সহ এখন পর্যন্ত লিগে নিজেদের প্রথম ছয় ম্যাচে ২৪ বার জালের দেখা পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। একুশ শতকে কোনো এক মৌসুমের এই পর্যায়ে এর চেয়ে বেশি গোল করতে পারেনি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো দল। সমান ২৪টি গোল করেছিল ম্যানচেস্টার সিটি (২০১৯-২০) ও বায়ার্ন মিউনিখ (২০২০-২১)।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গালতিয়ের দল। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্সেই।