২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছয় সেকেন্ড’ আগে জিতল ঢাকা টুয়েলভের মেয়েরা

মেয়েদের প্রথম কর্পোরেট কাবাডিতে জমজমাট লড়াইয়ের পর জিতেছে ঢাকা টুয়েলভ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2023, 07:02 PM

Updated : 31 Jan 2023, 07:02 PM

শেষের বাঁশি বাজতে তখন মাত্র ছয় সেকেন্ড বাকি। তখনই মূল্যবান পয়েন্ট আদায় করে নিল ঢাকা টুয়েলভ। মাতল মেয়েদের প্রথম কর্পোরেট কাবাডির সেরা হওয়ার আনন্দে।

পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে মঙ্গলবার রোমাঞ্চকর ম্যাচে টেকনো মিডিয়াকে ২৩-২২ পয়েন্টে হারিয়েছে ঢাকা টুয়েলভ। 

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।

শুরুতে একপেশে লড়াই হলেও টেকনো প্রথমার্ধেই ঘুরে দাঁড়ায়। তবে ঠিকই ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় ঢাকা টুয়েলভ।

জাতীয় দলের সাবেক দুই খেলোয়াড় অধিনায়ক স্মৃতি আক্তার ও কচি রানী মন্ডলের নৈপূণ্যে টেকনো দ্বিতীয়ার্ধেও চ্যালেঞ্জ জানাতে থাকে দারুণভাবে। ২৯ মিনিট পর্যন্ত স্কোরলাইনেও ছিল সমতা; ২২-২২ পয়েন্টে। শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে ঢাকা টুয়েলভের অধিনায়ক রেখা আক্তার মহামূল্যবান এক পয়েন্ট আদায় করে নেন।

স্মৃতি আক্তার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, রাত্রি সেরা রেইডার, বজলুর রহমান সেরা কোচ এবং রূপালী আক্তার সেরা ক্যাচার নির্বাচিত হয়েছেন।

মেয়েদের প্রথম কর্পোরেট লিগে তৃতীয় হয়েছে নরসিংদী লিজেন্ডস।