২০২৬ পেরিয়েও রেয়ালে থাকতে চান আনচেলত্তি
আরও অনেক দিন ইউরোপের সফলতম ক্লাবে থেকে যাওয়ার ইচ্ছার কথা জোর দিয়ে বললেন কার্লো আনচেলত্তি।
রেয়াল মাদ্রিদের সাথে নতুন চুক্তি সেরেছেন কার্লো আনচেলত্তি। কিন্তু এরপর অন্য কোনো ঠিকানায়, নতুন চ্যালেঞ্জ নিতে যাবেন কী? এ প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে তোলা থাকছে, তবে এই ইতালিয়ান কোচ ভবিষ্যৎ ভাবনা জানিয়ে দিলেন আগেভাগেই। নতুন চুক্তির মেয়াদ পেরিয়ে আরও অনেক দিন সান্তিয়াগো বের্নাবেউয়ে থেকে যেতে চান তিনি।
রেয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। তা শেষ হওয়ার ছয় মাস আগেই ২০২৬ সালের জুন পর্যন্ত ইতালিয়ান কোচের সঙ্গে নতুন চুক্তি করেছে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাজয়ী ক্লাবটি।
চুক্তি নবায়নের পর আনচেলত্তির প্রথম ম্যাচ মায়োর্কার বিপক্ষে। বুধবার রাতের ম্যাচটির আগে সংবাদমাধ্যমে রেয়ালের সঙ্গে নিজের দারুণ সম্পর্কের কথা জানান আনচেলত্তি।
“আমার চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত ছিল। এখনই ক্লাব এটি (চুক্তি নবায়ন) করার সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা আমাদের কাজে খুশি।”
বর্তমানে দ্বিতীয় মেয়াদে রেয়ালের দায়িত্বে আছেন আনচেলত্তি। প্রথম মেয়াদে ২০১৩-২০১৫ পর্যন্ত সময়ে রেয়ালের ডাগআউটে ছিলেন তিনি। তার হাত ধরেই ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগে দশম শিরোপা জেতে মাদ্রিদের ক্লাবটি। ওই বছরে কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফিও ঘরে তোলে দলটি।
পরের মৌসুমে অবশ্য সময়টা খুব খারাপ কাটে রেয়ালের। ফলে ২০১৪-১৫ মৌসুমের শেষ দিকে রেয়ালে চাকরি হারান আনচেলত্তি। এরপর ২০২১ সালে আবার বের্নাবেউয়ে ফেরেন তিনি।
সেই থেকে এখন পর্যন্ত সময়টা বেশ কাটছে তার দলের। দ্বিতীয় মেয়াদে প্রথম মৌসুমে দলকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতান আনচেলত্তি। ৬৪ বছর বয়সী এই কোচের হাত ধরে ২০২২ সালে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতে তারা।
মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে রেয়ালের চুক্তির মেয়াদ শেষ করে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। তবে বর্ষীয়ান এই কোচ বারবারই বলে আসছিলেন, থাকতে চান তিনি রেয়ালেই। আরও একবার সেই ইচ্ছার কথা জোর দিয়ে বললেন আনচেলত্তি।
“আমি জানি না, কোচ হিসেবে এটিই আমার দায়িত্বের শেষ পর্ব কিনা। এখানে মেয়াদ শেষ হওয়ার পর আমি কী করব জানি না। ২০২৬ সালেও হয়তো আমি এখানে থাকব; সেটা নির্ভর করছে কতটা সফল হই, তার উপর।”
“২০২৬ পর্যন্ত আমি এখানেই থাকতে চাই। আশা করি, ২০২৭ এবং ২০২৮ সালেও এখানে কাজ করতে পারব। কারণ আমি এখানে থাকতে চাই।”
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব শিরোপার লড়াইয়ে আছে রেয়াল। লা লিগায় ১৮ রাউন্ড শেষে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে উঠেছে নকআউট পর্বে।
