চুক্তির আনুষ্ঠানিকতা সেরে জামাল বললেন, ‘সোল দে মাইয়োকে আরও উঁচুতে তুলতে চাই’
বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনার ক্লাবে খেলতে পেরে গর্ব অনুভব করছেন বলেও জানালেন জামাল ভূঁইয়া।
টেবিল জুড়ে বাংলাদেশের পতাকা সাজানো। চুক্তির অনুষ্ঠানে আর্জেন্টিনায় অবস্থানরত বাংলাদেশিদের উপস্থিতিও দেখা গেল বেশ। নতুন চ্যালেঞ্জ, মিশন নিয়ে মন খুলে কথা বললেন জামাল ভূঁইয়া। চুক্তির আনুষ্ঠানিকতা সারার আগে আগামী দিনের লক্ষ্য নিয়ে প্রত্যয়ী কণ্ঠে জানালেন, সোল দে মাইয়োকে আরও উঁচুতে তুলতে চান তিনি।
সবকিছু পাকাপাকি হয়ে ছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা সেরে নেওয়া। সেটাও হয়ে গেল শুক্রবার। আর্জেন্টিনার ক্লাব সোশাল অ্যান্ড দেপোর্তিভো সোল দে মাইয়োর হয়ে গেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
চুক্তির বিস্তারিত কোনো পক্ষই জানায়নি। গণমাধ্যমে আসা খবর, দেড় বছরের জন্য আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটিতে যোগ দিয়েছেন জামাল। প্রতি মাসে তার পরিশ্রমিক ১৩ হাজার ডলার।
জামালের ফেইসবুক পেজ থেকে চুক্তির আনুষ্ঠানিকতা শুক্রবার প্রচার করা হয়। দিনের শুরুতে মেডিকেল হওয়ার ছবি পোস্ট করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সেখানে তিনি লেখেন-নতুন ক্লাবে মেডিকেল চেক।
আগের দিন ফেইসবুক স্ট্যাটাসে জামাল লিখেছিলেন, “আর্জেন্টিনায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এটাই সময়। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ।” চুক্তির অনুষ্ঠানে নতুন লক্ষ্য নিয়ে বাংলায় কথা বলেন জামাল।
“ভালো লাগতেছে। এখানে শীতকাল চলছে। ঠাণ্ডা লাগছে। সবাই আমাকে খুবই…আমি কৃতজ্ঞ। (বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে) আমি এখানে আসছি, বেশিদিন নয়, আজকে চুক্তিতে সাইন করব। আপনারা আমাকে অনুসরণ করবেন। আমার জার্নি ফলো করবেন। সম্ভাব্য সেরা উপায়ে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করব।”
“আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। আমি জানি, অনেক মানুষ আমার উপর নির্ভর করে। অনুসরণ করে। প্রথমত বাংলাদেশি হিসেবে আমি খুবই গর্বিত। আমি নিজের পারফরম্যান্স এখানে দেখাতে চাই। যদি আমি ভালো করি, তাহলে আরও বাংলাদেশি এখানে আসবে। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আমার আছে, সেই অভিজ্ঞতা (এই ক্লাবে) দিতে পারি, নতুন এনার্জি দিতে পারি। আশা করি, সোল দে মাইয়োকে আরেকটা লেভেল উঁচুতে তুলতে পারব।”
আর্জেন্টাইন ক্লাবটির অফিসিয়ালের কথা দোভাষীর মাধ্যমে শোনেন জামাল। ওই অফিসিয়াল বলেন, “জামালকে পেয়ে আমরা খুশি।” আর্জেন্টাইন গণমাধ্যম কর্মীদের প্রশ্নও দোভাষীর মাধ্যমে শুনে বাংলায় উত্তর দেন তিনি। নিচের দিকের ক্লাব সোল দে মাইয়ো আপনার মাধ্যমে উপরের দিকে উঠবে? এমন প্রশ্নের উত্তরে জামাল বলেন-ইনশাল্লাহ।
ক্লাবের পক্ষ থেকে জামালের উদ্দেশে বলা হয়, “আর্জেন্টিনাও আপনার দেশ। এখানে আপনি স্বচ্ছন্দ অনুভব করবেন।”
এরপর জামাল জার্সি তুলে ধরেন, ৬ নম্বর জার্সি। জার্সি পরে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেন জামাল। সবাইকে ধন্যবাদ জানিয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।
আর্জেন্টিনার ক্লাবটিতে জামালের যোগ দেওয়া নিয়ে গুঞ্জনের শুরু গত ফেব্রুয়ারিতে। মাস ছয়েক আগে আর্জেন্টিনার দৈনিক টিওয়াইসি স্পোর্টস এক ক্লাব অফিসিয়ালের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, জামাল যোগ দিচ্ছেন সোল দে মাইয়োতে। মারাদোনা-মেসিদের দেশে জামালের খেলতে যাওয়া নিয়ে শুরু হয় আলোচনা।
অবশ্য সেসময় দেশে চলমান ছিল প্রিমিয়ার লিগের খেলা। জামাল খেলছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে। আর্জেন্টিনার ক্লাবে খেলা নিয়ে তখন তিনিও মুখে ছিপি দিয়ে রেখেছিলেন। এ মাসের শুরুতে নতুন করে শুরু হয় আলোচনা। শেখ রাসেলের সঙ্গে তার চুক্তির একটি ছবি আসে গণমাধ্যমে, এরপরই আসে তার আর্জেন্টিনা যাওয়ার খবর।
গত ৯ অগাস্ট এ বিষয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে জামাল এড়িয়ে যান আর্জেন্টিনায় যাওয়ার বিষয়টি। ‘দ্রুতই’ বিষয়টি জানাবেন বলে জানান তিনি। সেসময় শোনা গিয়েছিল, শেখ রাসেলের কাছে গত মৌসুমের বকেয়া পারিশ্রমিক না পাওয়ার কারণে জামাল সোল দে মাইতো যোগ দেওয়ার বিষয়টি ‘চেপে’ রাখেন।
যদিও তা চেপে থাকেনি। তার ক্লাব সোল দে মাইয়ো তাদের অফিসিয়াল ফেইসবুকে ছবি ও বার্তা পোস্ট করে জানিয়ে দেয় জামালের যোগ দেওয়ার খবর।
“জামাল ভূঁইয়াকে আর্জেন্টিনাতে স্বাগত জানাই এবং সোল দে মাইয়ো পরিবারের জন্য এটি একটি রোমাঞ্চকর মুহূর্ত। আমরা তার এই দলের সাথে অনেক সাফল্য কামনা করি এবং আশা করি, তার উপস্থিতি ক্লাবের ধারাবাহিক উন্নতি ও সফলতায় অবদান রাখবে। একটি চমৎকার মৌসুম কাটান এবং মাঠে আপনার সমস্ত লক্ষ্য অর্জন করুন।”
খানিক বাদে অবশ্য পোস্ট সরিয়ে নেয় সোল দে মাইয়ো। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাল বলেন, তিনি কোনো দলে যোগ দেননি।
“আমি কোনো চুক্তি বা কিছুতে সই করিনি। প্রতিদিনই দেখি আমার ভিন্ন ভিন্ন ছবি পোস্ট করা হচ্ছে। দেখানো হচ্ছে আমি ভিন্ন ভিন্ন জায়গায় যাচ্ছি। এই মুহূর্তে আমি নিজের পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছি।”
জামালের ওই টুইটে স্থান দেখাচ্ছিল আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেস। পরে তিনি এই টুইট ডিলিট করে দিলেও ফেইসবুক পোস্ট রেখে দেন।
আর্জেন্টাইন কয়েকজন ক্রীড়া সাংবাদিকও জামালের ছবি শেয়ার করে তার সোল দে মাইয়োর হয়ে খেলার খবর জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালের আর্জেন্টিনা যাওয়া, বিমানবন্দরে স্বাগত জানানো, সোল দে মাইয়োতে খেলা নিয়ে গণমাধ্যমে দেওয়া তার সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে। তা সত্ত্বেও জামাল চুক্তি নিয়ে মুখ খুলতে রাজি হননি! এতদিন পর আনুষ্ঠানিকতা সেরে মুখ খুললেন তিনি।
ডেনমার্কে জন্ম নেওয়া জামাল ডেনিস লিগেও খেলেছেন, এরপর জাতীয় দল হিসেবে নাড়ির টানে বেছে নেন বাংলাদেশকে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ঘুরে জামাল গত বছর যোগ দেন শেখ রাসেলে। এর মাঝে তিনি ভারতের ঐতিহ্যবাহী দল কলকাতা মোহামেডানেও খেলেন।
দেশের প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনার কোনো ক্লাবের হয়ে খেলবেন জামাল। সোল দি মাইয়ো আর্জেন্টিনার তৃতীয় স্তরের লিগ তোরনেয়ো ফেদারেল ‘এ’-তে খেলে।
গত বছর কাতার বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বাঁধভাঙা আবেগের প্রকাশ চাউর হয় চারদিকে। লাতিন আমেরিকার দেশটির গণমাধ্যমেও উঠে আসে এগুলো।
বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছিলেন।
সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের প্রতিনিধিরা বাংলাদেশে আসেন। দেশের শীর্ষস্থানীয় চারটি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও সারেন। সেখানে ইঙ্গিত মিলে দ্বিপাক্ষীক উদ্যোগে একাডেমি চালানো থেকে শুরু করে কোচ, উঠতি খেলোয়াড়দের বিনিময় এবং ট্রেনিং সুবিধা দেওয়া-নেওয়ার মতো বিষয়ও।
ফুটবল-মৈত্রীর জয়গানে ঢাকায় খুলেছে আর্জেন্টিনার দূতাবাস। ফুটবলের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে লাতিন আমেরিকার দেশটির সঙ্গে একটি চুক্তিও সই করেছে বাংলাদেশ সরকার।
