২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

আসিয়ান কাপে ১-২টা ম্যাচ জয়ের লক্ষ্য জামালের

গ্রুপের সব প্রতিপক্ষ শক্তিশালী জেনেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক এই লক্ষ্যই স্থির করেছেন।

আসিয়ান কাপে ১-২টা ম্যাচ জয়ের লক্ষ্য জামালের

সংবাদ সম্মেলনে কোচের পাশে বসে লক্ষ্য জানালেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া (ডানে)। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 08:00 PM

Updated : 24 Sep 2026, 08:00 PM

গ্রুপের সব দলই বেশ শক্তিশালী। ফিফা র‌্যাঙ্কিংয়েও এগিয়ে বাংলাদেশের চেয়ে। তবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সহজে হাল ছাড়ার পাত্র নন। ভীষণ কঠিন চ্যালেঞ্জেও এক বা দুটি ম্যাচ জয়ের লক্ষ্য স্থির করেছেন তিনি।

ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হতে যাওয়া আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু হবে বাংলাদেশের। এরপর সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে টমাস ডুলির দল।

বাংলাদেশের চেয়ে এই তিন দলই ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে। ইন্দোনেশিয়া ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম, সিঙ্গাপুর ১৪৮তম। আর বাংলাদেশ ১৮১তম।

টুর্নামেন্ট শুরুর আগের দিনের সংবাদ সম্মেলনে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল।

“অবশেষে ইন্দোনেশিয়ায় আসতে পেরে ভালো লাগছে। আমরা আরও কিছুটা আগে আসতে চেয়েছিলাম, কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার কারণে আসতে পারিনি। তবে অবশেষে আমরা এখানে এসেছি। কোচ যেমন বলেছেন, আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিরুদ্ধে তিনটি ম্যাচের জন্য মুখিয়ে আছি। আমরা জানি, এটি কঠিন হতে যাচ্ছে, তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি এবং আমাদের ভালো আত্মবিশ্বাস রয়েছে, কিন্তু আমরা জানি এটি কঠিন হবে।

“সফল হতে হলে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবেন, ভালো ম্যাচ খেলতে চাইবেন। অবশ্যই কোচ যেমন বলেছেন, এটি আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। কারণ এক মাসের মধ্যে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে, যা আমাদের মূল লক্ষ্য। তবে অবশ্যই, একটি দল হিসেবে আমরা প্রতিযোগিতা করতে চাই এবং যদি আমরা কয়েকটি পয়েন্ট পেতে পারি বা এক-দুটি ম্যাচ জিততে পারি, তবে তা আমাদের জন্য খুবই সফল একটি সফর হবে।"