ছুরিকাঘাতে আহত আর্সেনাল ডিফেন্ডার বললেন, ‘ভাগ্যবান ছিলাম’
আহত হয়ে হাসপাতালে ভর্তি পাবলো মারির পিঠে অস্ত্রোপচার করা হবে।
ইতালির মিলানে একটি সুপারমার্কেটে হাতে ছুরি নিয়ে একজনের হামলার ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারি এখন শঙ্কামুক্ত। তার পিঠে অস্ত্রোপচার করা হবে। বেঁচে ফেরায় নিজেকে ভাগ্যবান মনে করছেন এই স্প্যানিয়ার্ড।
ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় আসসাগো শহরের স্থানীয় একটি সুপারমার্কেটের ভেতরে ঢুকে আচমকা এক ব্যক্তি নির্বিচারে হামলা শুরু করে। এতে ৩০ বছর বয়সী একজন ক্যাশিয়ার মারা গেছেন। মারিসহ আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
ঘটনাস্থল থেকে ৪৬ বছর বয়সী একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
বর্তমানে ধারে ইতালির ক্লাব মানসোয় খেলা মারির সামনেই ঘটে ওই ঘটনা।
“আজ আমি ভাগ্যবান ছিলাম, কারণ আমার সামনেই একজনকে মরতে দেখেছি।”
ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তের খবর অনুযায়ী, মারি তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সুপারমার্কেটের পাশ দিয়ে হাঁটছিলেন। ওই সময়েই তার পিঠে ছুরিকাঘাত করা হয়।
২৯ বছর বয়সী মারির এজেন্ট আরতুরো কানালেস বিবিসিকে জানান, মারি সচেতন অবস্থায় আছেন এবং তার শরীরের গুরুত্বপূর্ণ কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়নি।
তার পিঠে শুক্রবার অস্ত্রোপচার করার কথা।
২০২০ সালের জানুয়ারিতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে মারি আর্সেনালে যোগ দেন। এই বছরের শুরুতে ধারে ইতালিয়ান ক্লাব উদিনেজেতে যোগ দেওয়ার আগে ইংলিশ দলটির হয়ে খেলেন ১৯ ম্যাচ। গত অগাস্টে তিনি ধারে যোগ দেন মানসোয়।
