ঘুরে দাঁড়িয়ে চট্টগ্রাম আবাহনীকে হারাল মোহামেডান
প্রথমার্ধের শেষ দিকে সমতাসূচক গোল পাওয়ার পর আর পথ হারায়নি সাদা-কালো জার্সিধারীরা।
শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে একটু দেরিতে হলেও ঘুরে দাঁড়াল মোহামেডান। চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপে যাত্রা শুরু করল শিরোপাধারীরা।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে মোহামেডান। আজিজ আবোলাজি আবুর গোলে পিছিয়ে পড়া দলকে জাফর ইকবাল সমতায় ফেরানোর পর ম্যাচের ভাগ্য গড়ে দেন মোজাফফর মোজাফফরভ।
এদিন মোহামেডানের শুরুটা ছিল সাদামাটা। প্রিমিয়ার লিগে ছন্দে থাকা দলটি ত্রয়োদশ মিনিটে সেট পিস থেকে হজম করে বসে গোল। ফ্রি কিকে বল পেয়ে দূরের পোস্টে অরক্ষিত নাইজেরিয়ান ফরোয়ার্ড আবু দারুণ হেডে পরাস্ত করেন সুজন বিশ্বাসকে।
পিছিয়ে পড়ার পর মোহামেডানের খেলায় গতি ফেরে। প্রথমার্ধের যোগ করা সময়ে মোজাফফরভের বাঁকানো ফ্রি কিক রক্ষণ দেয়াল পেরিয়ে পোস্টে লেগে ফেরার পর ছুটে গিয়ে ফিরতি শটে জাল খুঁজে নেন জাফর। সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় সাদা-কালো জার্সিধারীরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের জোর বাড়াতে থাকে মোহামেডান। ৫৫তম মিনিটে কাঙ্খিত গোল পেয়েও যায় প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ ১১ বারের চ্যাম্পিয়নরা।
কর্নার হেডে ক্লিয়ার করতে চাইলেও পারেননি চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার। বল চলে যায় দূরের পোস্টে, সেখান থেকে এমানুয়েল সানডের হেড গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা আটকানোর পর ফিরতি সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ।
এগিয়ে যাওয়ার পর মোহামেডান রক্ষণ জমাট রেখে খেলায় মনোযোগী হয়। ৬৩তম মিনিটে শাহরিয়ার ইমন ঠিকঠাক হেড নিতে পারেননি। অনেকটা উঁচুতে উঠে যাওয়া বল সহজে রানা গ্লাভসে জমালে বাড়েনি ব্যবধান।
শেষ দিকে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করতে থাকে চট্টগ্রাম আবাহনী; কিন্তু মোহামেডানের জমাট রক্ষণের বাধায় তাদের চেষ্টাগুলো ভেস্তে যেতে থাকে বক্সের বাইরে।
৮৫তম মিনিটে রায়হান হাসান বাঁকানো ফ্রি কিকে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেওয়ার চেষ্টা করেছিলেন। অনেকটা লাফিয়ে ফিস্ট করে ফিরিয়ে মোহামেডানকে জয়ের পথে রাখেন গোলরক্ষক সুজন।
