২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরের ধাপে যেতে’ ইউনাইটেডের উন্নতি চান টেন হাগ

ইংলিশ ক্লাবটির কোচের মতে, যেখানে থাকা দরকার এখনও সেই জায়গায় নেই তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 09:09 PM

Updated : 30 Jul 2023, 09:09 PM

ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম মৌসুমটা মন্দ কাটেনি এরিক টেন হাগের। তার কোচিংয়েই কাটে ক্লাবের ছয় বছরের শিরোপা খরা। নতুন মৌসুমে দল নিয়ে আরও বড় স্বপ্ন এই ডাচ কোচের। সেটা পূরণ করতে খেলোয়াড়দের উন্নতির ধারা ধরে রাখার তাগিদ দিলেন তিনি।

গত মৌসুমে ইউনাইটেডের দায়িত্ব নেন টেন হাগ। প্রথম মৌসুমে চোখে পড়ার মতোই প্রভাব রাখেন তিনি। পিছপা হননি পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতেও। দলকে নতুন কোচ খেলান ভিন্ন ও কার্যকরী ঘরানার ফুটবল। ফলও পায় ক্লাবটি।

টেন হাগের হাত ধরে লিগ কাপ জেতে ইউনাইটেড, যা ছিল ২০১৭ সালের পর তাদের প্রথম শিরোপা। ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়ার পাশাপাশি এফএ কাপে রানার্সআপ হয় ওল্ড ট্র‍্যাফোর্ডের ক্লাবটি।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে প্রীতি ম্যাচে আগামী সোমবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে ইউনাইটেড। এই ম্যাচের আগে আসছে মৌসুম নিয়ে নিজের প্রত্যাশা তুলে ধরেন টেন হাগ।

“আমি মনে করি, সব দিক থেকেই আমরা দারুণভাবে উন্নতি করেছি এবং তা প্রয়োজনীয় ছিল। তবে আমরা যেখানে থাকতে চাই এখনও সেখানে নেই এবং আমাদের মান বাড়াতে হবে, যেন আমরা পরবর্তী ধাপে যেতে পারি।”

“আপনি সবসময় শিখতে থাকবেন এবং আমি মনে করি ইংলিশ ফুটবল এগিয়ে যাচ্ছে। আমি মনে করি, দিন দিন লিগ আরও শক্তিশালী হচ্ছে। চার বছর আগের সঙ্গে তুলনা করলে দেখা যাবে এটাই মূল পার্থক‍্য।”