২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুনেসের জোড়া গোলে ১০ জনের লিভারপুলের দুর্দান্ত জয়

নিউক্যাসলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নেমে পরাজয়ের মুখ থেকে লিভারপুলকে জেতালেন দারউইন নুনেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 11:38 PM

Updated : 28 Aug 2023, 12:18 AM

ম্যাচের আধা ঘন্টা না যেতেই গোল হজম, ১০ জনের দলে পরিণত হওয়া- কোনোকিছুই পক্ষে ছিল না লিভারপুলের। তাদের সামনে চোখ রাঙাচ্ছিল পরাজয়। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে চিত্র পাল্টে দিলেন দারউইন নুনেস। উরুগুয়ের এই ফরোয়ার্ডের জোড়া গোলে নাটকীয় এক জয় পেল ইয়ুর্গেন ক্লপের দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে জিতেছে লিভারপুল।

৮০ মিনিট পর্যন্তও ১-০ গোলে এগিয়ে থেকে প্রায় আট বছর পর লিগে লিভারপুলের বিপক্ষে জয়ের পথে ছিল নিউক্যাসল। এরপরই সমতা টানেন নুনেস, যোগ করা সময়ে করেন দ্বিতীয় গোল।

চেলসির সঙ্গে ড্রয়ে আসর শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল অ্যানফিল্ডের দলটি।

ষোড়শ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় লিভারপুল। লুইস দিয়াসের জোরাল শট ব্যর্থ করে দেন নিউক্যাসল গোলরক্ষক নিক পোপ।

২৫তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে লিভারপুল। মাঝমাঠে মোহামেদ সালাহর ব্যাক পাস নিয়ন্ত্রণে নিতে পারেননি ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। বল ধরে এগিয়ে বক্সে ঢুকে আলিসনের দুই পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন।

তিন মিনিট পর আরেক ধাক্কা খায় সফরকারীরা। বল নিয়ে এগিয়ে যাওয়া নিউক্যাসলের আলেক্সান্দার ইসাককে বক্সের বাইরে পেছনে থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

অনেকটা সময় জুড়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে থাকেন লিভারপুলের খেলোয়াড়রা। ডাগআউটে ম্যাচ অফিসিয়ালের সঙ্গে কথা বলতে দেখা যায় কোচ ক্লপকে। ধারাভাষ্যকার বলেন, লাল কার্ড নয়, হলুদ কার্ড দেওয়া যেতে পারত। তবে ভিএআরেও রেফারির সিদ্ধান্ত বহাল থাকে।

প্রিমিয়ার লিগে ২৩১ ম্যাচে দ্বিতীয়বার লাল কার্ড দেখলেন ফন ডাইক। প্রথমবার দেখেছিলেন ২০১৬ সালের ডিসেম্বরে সাউথ্যাম্পটনে থাকতে।

৩৬তম মিনিটে দুর্দান্ত সেভে ব্যবধান বাড়তে দেননি আলিসন। বক্সের ভেতর থেকে মিগেল আলমিরনের জোরাল ভলি ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে, ফিরতি বল আবার এক হাতে বিপদমুক্ত করেন এই ব্রাজিলিয়ান।

প্রথমার্ধে আর উল্লেখযোগ্য সুযোগ পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে নিউক্যাসলের ওপর চাপ বাড়ায় লিভারপুল।

৬৮তম মিনিটে দিয়োগো জটার পাস বক্সে খুঁজে পায় সালাহকে। দারুণ ট্যাকলে মিশরের এই ফরোয়ার্ডকে আটকে দেন ডাচ ডিফেন্ডার সভেন বোটমান।৭৬তম মিনিটে ভাগ্যের ফেরে ব্যবধান বাড়েনি নিউক্যাসলের। আলমিরনের বাঁ পায়ের জোরাল শট পোস্টে লাগে।

৮১তম মিনিটে ম্যাচে ফেরে লিভারপুল। নিউক্যাসল ডিফেন্ডারের ভুলে বল পেয়ে বক্সে ঢুকে ডান পায়ের নিচু কোণাকুণি শটে গোলটি করেন মিনিট চারেক আগে বদলি নামা নুনেস।

ফন ডাইক লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর গোলের জন্য লক্ষ্যে লিভারপুলের প্রথম শট এটিই!

পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন নুনেস। সালাহর পাস বক্সে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। উল্লাসে ফেটে পড়ে লিভারপুলের সমর্থকরা।

দিনের শুরুতে শেফিল্ড ইউনাইটেডের মাঠে ২-১ গোলে জেতে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।