হাঁটুতে অস্ত্রোপচার হবে ব্রাজিলের এমেরসনের
ব্রাজিলিয়ান ডিফেন্ডার কবে ফিরবেন, তা জানায়নি তার ক্লাব টটেনহ্যাম হটস্পার।
জাতীয় দলের হয়ে এমেরসন রয়েলের মিশন শেষ হলেও আপাতত তাকে ছাড়াই খেলতে হবে টটেনহ্যাম হটস্পারকে। হাঁটুর চোট সারাতে অস্ত্রোপচার করানো হবে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের।
টুইটারে পোস্ট দিয়ে মঙ্গলবার বিষয়টি জানায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। এমেরসন কবে ফিরতে পারেন, তা জানানো হয়নি।
ব্রাজিলের হয়ে মরক্কোর বিপক্ষে গত শনিবার প্রীতি ম্যাচে যোগ করা সময়ে চোট পান এমেরসন। ম্যাচটি তার দল হেরে যায় ২-১ গোলে।
চলতি মৌসুমে টটেনহ্যামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী এমেরসন।
ইংল্যান্ডের শীর্ষ লিগে ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। আগামী এপ্রিল মাসে দলটিকে খেলতে হবে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে।
আন্তর্জাতিক বিরতির পর টটেনহ্যামের প্রথম ম্যাচ লিগে আগামী ৩১ মার্চ, এভারটনের বিপক্ষে। এর আগে নতুন কোচ খুঁজছে সম্প্রতি আন্তোনিও কন্তেকে ছাঁটাই করা ক্লাবটি।
