২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লড়াইটা ১১১ পয়েন্টের’, সিটি কোচের কৌতুক

মৌসুমের শুরুটা দারুণ হলেও উচ্ছ্বাসে ভেসে যেতে চান না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 02:05 PM

Updated : 20 Aug 2022, 10:20 PM

নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে ম্যানচেস্টার সিটি। দলীয় শক্তিও বেড়েছে আগের মৌসুমের চেয়ে। শুরুতেই তাদেরকে মনে হচ্ছে অপ্রতিরোধ্য। তবে পেপ গুয়ার্দিওলা এখনই ডানা মেলে দিতে চান না উচ্ছ্বাসে। মাটিতে পা রেখে সিটি কোচ মনে করিয়ে দিলেন, কঠিন লড়াইয়ে এখনও পাড়ি দিতে হবে অনেক পথ।

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযানে চলতি মৌসুমের প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতেছে সিটি। এখনও হজম করেনি কোনো গোল। আর্লিং হলান্ডকে দলে আনার পর আগের মৌসুমের চেয়ে আরও সমৃদ্ধ দল এখন তারা।

শিরোপা লড়াইয়ে সিটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যারা, সেই লিভারপুল প্রথম দুই ম্যাচে হোঁচট খেয়েছে। দুটিতেই ড্র করেছে তারা।

তবে গুয়ার্দিওলা ভুলে যাননি গত মৌসুমের কথা। ৯৩ পয়েন্ট নিয়েও তারা শিরোপা জিতেছিল লিগের শেষ দিনে নানা রোমাঞ্চ ও নাটকীয়তার পর। লিভারপুল শেষ সময় পর্যন্ত লেগে ছিল ট্রফির লড়াইয়ে।

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে রোববারের লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে তাই সংবাদমাধ্যমের উচ্ছ্বাসের স্রোতে বাঁধ দিতে চাইলেন গুয়ার্দিওলা।

“লিগের পথচলা মাত্রই শুরু হলো। আমি দুঃখিত, কিন্তু স্রেফ দুটি ম্যাচের পরই ভবিষ্যৎ নিয়ে এত আলোচনা করা কঠিন। দুই ম্যাচ পরই এত কিছু? হ্যাঁ হ্যাঁ, লড়াইটা হবে তো ১১১ পয়েন্টের জন্য।”

ইংলিশ প্রিমিয়ার লিগে লড়াইটা যে হাড্ডাহাড্ডি এবং একশ পয়েন্ট মানেও শিরোপার নিশ্চয়তা নয়, সেটিই বুঝিয়ে দিতে চাইলেন গুয়ার্দিওলা।

আগামী মাসের সূচিতে ম্যাচ আছে ঘনঘন। তখন স্কিল ও ফিটনেসের কঠিন পরীক্ষা হবে বলে মনে করেন সিটি কোচ।

“এই তিন সপ্তাহ বেশ ভালো ছিল। লম্বা সময় ধরে ট্রেনিং করা গেছে। সেপ্টেম্বরে এসবের সুযোগ নেই। একের পর এক ম্যাচ থাকবে। আমাদের খেলায় অনেক উন্নতি করতে হবে।”