২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফের শিরোপা ভারতেরই, নাকি ‘অতিথি’ কুয়েতের?

অতিথি দল হিসেবে প্রথমবার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে এসেই ফাইনালে উঠেছে কুয়েত, ভারতও মুখিয়ে আছে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে।

বেঙ্গালুরু থেকে মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 09:11 PM

Updated : 03 Jul 2023, 09:11 PM

পথের প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে এবারের বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হওয়ার অপেক্ষায় প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারত এবং এবারের আসরের দুই অতিথি দলের একটি, কুয়েত। এটি স্রেফ ট্রফির লড়াই নয়, দক্ষিণ এশিয়া বনাম মধ্যপ্রাচ্যের ফুটবলের লড়াইও। যেখানে কিছুটা হলেও স্পষ্ট হয়ে উঠবে দুই অঞ্চলের ফুটবলীয় শক্তি, সামর্থ্য ও ব্যবধান। 

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত ৮টায় গড়াবে ম্যাচটি। দুটি দলই অপরাজিত থেকে উঠে এসেছে ফাইনালের মঞ্চে। সেমি-ফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে লেবাননকে ৪-২ ব্যবধানে হারায় ভারত। অভাবনীয় ফুটবল খেলা বাংলাদেশের বিপক্ষে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে জিতে ফাইনালে উঠেছে কুয়েত। 

পরিসংখ্যানের পাতায় দুই দলের চার মুখোমুখির হিসেবে এগিয়ে কুয়েত; দুটি জয়ের বিপরীতে একটি হার তাদের। অন্য ম্যাচটি ড্র। ম্যাচটি চলমান সাফেই, গ্রুপ পর্বে। ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছিল কুয়েত। 

গ্রুপ পর্বের ওই দেখায় পিছিয়ে পড়ার পর ভারতকে কাঁপিয়ে দিয়েছিল কুয়েত। কিন্তু সেরা চারের লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে জিততে ঘাম ছুটে গিয়েছিল তাদের। সে বাঁধা পেরুনোর পর দলটির কোচ রুই বেন্তো তাই ২০১০ সালে এরাবিয়ান গলফ কাপের পর কুয়েতকে প্রথম শিরোপা এনে দিতে আশাবাদী। যদিও জানেন কাজটা সহজ হবে না মোটেও। 

“হ্যাঁ, ভারতের বিপক্ষে আমরা কঠিন একটা ম্যাচ খেলেছি (গ্রুপ পর্বে), কিন্তু আমার এত দিনের অভিজ্ঞতা বলে, ফাইনাল সবসময় ভিন্ন একটি ম্যাচ। আমরা ট্রফির জন্য লড়ব। ফাইনালে মনোযোগ ধরে রাখার চেষ্টা করা এবং ভালো খেলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফাইনালে উঠতে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং ছেলেদের প্রতি আমার বার্তা ফাইনাল উপভোগ করো।” 

“গত ২১ দিনে আমরা সাতটি ম্যাচ খেলেছি। খুব অল্প সময়ে অনেকগুলো ম্যাচ খেলেছি। কিন্তু এখন ফাইনাল, এক ম্যাচের হিসেব এবং আমরা নিজেদের সর্বোচ্চটুকু দিব। নিজেদের পরিকল্পনায় আমাদের বিশ্বাস রাখা প্রয়োজন।” 

কুয়েত বাধা পেরুতে ভারতের সবচেয়ে আস্থার জায়গা সুনিল ছেত্রি। ৩৮ বছর বয়সের ভারকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ছুটছেন এই ফরোয়ার্ড। চলতি সাফে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার ধারে কাছে নেই কেউ, ৫টি। দুই গোল আছে কেবল কুয়েতের এক জনের, মোবারক আল-ফানেনি। 

ভারতের যেমন শিরোপা জয়ের রেকর্ডটা আরেকটু উঁচুতে তোলার সুযোগ আছে, সুনিলকেও তেমনি ব্যক্তিগত অনেক প্রাপ্তি ডাকছে হাতছানি দিয়ে। যদিও সংবাদ সম্মেলনে বরাবরই রেকর্ড নিয়ে এই কিংবদন্তি জানিয়েছেন ‘ওগুলো সিরিয়াসলি ভাবি না’। 

২৩টি করে গোল নিয়ে সাফে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মালদ্বীপের আলি আশফাক ও সুনিল এ মুহূর্তে আছেন পাশাপাশি। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসরে সবচেয়ে বেশি গোলদাতার সিংহাসনে বসতে ভারতের কিংবদন্তির চাই এক গোল। আন্তর্জাতিক গোলের পাতায় ক্রিস্তিয়ানো রোনালদো (১২৩টি), আলি দাইয়ি (১০৯টি) এবং লিওনেল মেসির (১০৩টি) সঙ্গে ব্যবধান কমানোর সুযোগও আছে সুনিলের। 

রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কান্তিরাভায় ভারত সমর্থকদের যে ঢল নামবে, তা নিশ্চিত। কেননা, অন্য ম্যাচগুলোয় দর্শকের আকাল থাকলেও ভারতের ম্যাচ মানে গ্যালারি দর্শকে ঠাসা। তবে ঘরের মাঠে, চেনা দর্শকের সামনে খেলা হলেও প্রধান কোচ ইগর স্তিমাচকে ডাগআউটে পাবে না ভারত। গ্রুপ পর্বে কুয়েতের বিপক্ষে ম্যাচেই লালকার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ফলে ফাইনালেও স্তিমাচের পরিকল্পনা বাস্তবায়নের ভার থাকবে সহকারী কোচ মহেশ গোয়ালির কাঁধে। 

খেলোয়াড় হিসেবে সাফের মুকুট দুইবার জয়ের দারুণ স্মৃতি আছে মহেশের। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে ২০০৫ সালের করাচির ফাইনালে, দ্বিতীয়বার ২০১১ সালে দিল্লিতে। কোচ হিসেবে এবার আঞ্চলিক সেরা হওয়ার ‍সুযোগ তার সামনে। কিন্তু প্রতিপক্ষ কুয়েত বলেই সতর্ক মহেশ। গ্রুপ পর্বের স্নায়ুক্ষয়ী ম্যাচ তার স্মৃতিতে টাটকা। 

সাফ চ্যাম্পিয়নশিপের মান বৃদ্ধি করতেই এবার কুয়েত, লেবাননের মতো শক্তিশালী দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই দুই দলের উপস্থিতিতে প্রতিযোগিতার জৌলুস, প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে বলে মনে করেন মহেশ। এ কারণেই সাবেক এই ডিফেন্ডারের মনে হচ্ছে সাফের দলগুলোর বিপক্ষের চেয়ে কুয়েতের বিপক্ষে ফাইনালে জিতলে, সেটা ভিন্ন কিছুই হবে। 

“কুয়েতের বিপক্ষে গ্রুপ পর্বে এবং সবশেষ লেবাননের বিপক্ষে আমাদের স্নায়ুক্ষয়ী ম্যাচ হয়েছিল। ছেলেদের শান্ত, স্থির এবং শিরোপা জয়ের জন্য মনোযোগী থাকতে বলেছি। এটা পুরোপুরি ভিন্ন একটা ম্যাচ হবে। আমাদের মধ্যে ইতিবাচক অনুভূতি কাজ করছে এবং আশা করি এ পর্যন্ত যা করেছি, তার ধারাবাহিকতা রাখতে পারব।” 

“ফাইনালে জেতা আরও বেশি কঠিন হবে। কুয়েত ভালো প্রতিপক্ষ এবং এবারের আসর দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অতীতে আমরা শুধু সাফের দলগুলোর বিপক্ষে খেলতাম। ২০০৫ সালে করাচিতে জেতা দারুণ আনন্দদায়ক ব্যাপার ছিল, কিন্তু যদি আমরা আগামীকাল জিতি, তাহলে আনন্দের মাত্রা হবে অন্য পর্যায়ের।”