২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ম্যাচ পর জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড

এভারটনের আক্রমণভাগ সমানতালে লড়াই করলেও দলটির রক্ষণভাগ ছিল সাদামাটা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2024, 08:27 PM

Updated : 09 Mar 2024, 09:18 PM

গতি আর স্কিলের সমন্বয়ে দারুণ সব আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে কাঁপিয়ে দিলেন আলেহান্দ্রো গারনাচো। তাকে রুখতে ডি-বক্সে দুবার ফাউল করল এভারটন, দুটি পেনাল্টি থেকেই গোল আদায় করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচ পর পেল কাঙ্ক্ষিত জয়। 

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্কাস র‌্যাশফোর্ড। 

টানা চার জয়ের পর গত দুই রাউন্ডে ফুলহ্যাম ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরেছিল ইউনাইটেড। লিগে চার ম্যাচ পর জাল অক্ষত রাখতে পারল তারা। 

ম্যাচের শুরু থেকেই লড়াই জমে উঠল বেশ। সমানতালে চলতে থাকল আক্রমণ-পাল্টা আক্রমণ। গোলের দেখা মিলতেও খুব একটা দেরি হলো না। দ্বাদশ মিনিটে এগিয়ে গেল স্বাগতিকরা। 

গারনাচো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইউনাইটেড। ডান পোস্ট ঘেঁষে নেওয়া নিচু স্পট কিকে গোলরক্ষককে পরাস্ত করেন অধিনায়ক ফের্নান্দেস। 

২৭তম মিনিটে দ্বিতীয় গোলও পেতে পারতেন ফের্নান্দেস। তবে এ যাত্রায় বক্সের বাইরে থেকে তার জোরাল বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তিন মিনিট পর পাল্টা আক্রমণে এভারটন ফরোয়ার্ড ম্যাকনিলের শট দূরের পোস্টের কাছ দিয়ে বেরিয়ে যায়। 

এর কিছুক্ষণ পর বল পায়ে দুই পাশের দুজনের বাধা এড়িয়ে ফের এভারটনের বক্সে ঢুকে পড়েন গারনাচো। আর তাকে সামনে থেকে ফাউল করে বসেন ডিফেন্ডার বেন গডফ্রে। আরেকটি নিখুঁত স্পট কিকে স্কোরলাইন ২-০ করেন র‌্যাশফোর্ড। 

টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন এই ইংলিশ ফরোয়ার্ড। গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বিতে অসাধারণ এক গোল করে দলকে তিনি শুরুতে এগিয়ে নিলেও শেষ পর্যন্ত হেরে যায় ইউনাইটেড। 

নির্ধারিত সময়ের শেষ মিনিটে তারা পেনাল্টি পেতে পারতো আবার। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বাইলাইনের কাছ থেকে কাটব্যাক করেন গারনাচো, বল লাগে স্লাইড করা ডিফেন্ডার মাইকোলেনকোর হাতে। তবে ‘দুর্ঘটনাবশত’ হওয়ায় পেনাল্টি দেয়নি ভিএআর। 

৫৮তম মিনিটে ইউনাইটেড নিজেদের সীমানায় বল হারিয়ে বিপদে পড়তে বসেছিল। তবে এভারটন মিডফিল্ডার আব্দুলায়ে দুকুরের দুরূহ কোণ থেকে নেওয়া শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক। 

দুই মিনিট পর আবারও প্রতিপক্ষের বক্সে ডুকে পড়েন গারনাচো, তবে বাঁ দিক থেকে ফের্নান্দেসের পাস পেয়ে স্লাইডে ঠিকঠাক শট নিতে পারেননি ম্যাচ জুড়ে দারুণ খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৮৩তম মিনিটে ম্যাচের সেরা খেলোয়াড় এই তরুণকে তুলে আন্তোনিকে নামান কোচ। 

যোগ করা সময়ের শেষ দিকে ইউনাইটেড পেনাল্টি পেতে পারতো আরেকটি। র‌্যাশফোর্ড ফাউলের শিকার হলে প্রথমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, তবে সঙ্গে সঙ্গেই অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। 

গোলের হিসেবে ইউনাইটেড অনায়াসে জিতলেও পুরো ম্যাচেই তাদের রক্ষণের পরীক্ষা নিয়েছে এভারটন। গোলের জন্য শট বেশিও নিয়েছে তারা। তাদের ২৩ শটের ছয়টি ছিল লক্ষ্যে, বিপরীতে ইউনাইটেড ১৫ শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে আটটি। 

২৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে পাঁচ নম্বরে ২৬ ম্যাচ খেলা টটেনহ্যাম হটস্পার। 

২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। 

২৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এভারটন।