আফগানিস্তান শক্তিশালী, কিন্তু ম্যাচগুলো আমাদের মাঠে: জামাল
সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের স্পিরিট আফগানিস্তানের বিপক্ষে ধরে রাখতে হবে, সতীর্থদের এ বার্তাই দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
আর্জেন্টিনা থেকে ফিরে বুধবারই জামাল ভূঁইয়া যোগ দেন ক্যাম্পে। বৃহস্পতিবার সতীর্থদের সাথে সেরেছেন অনুশীলন। চেনা বলয়ে ফিরে খুশি জামাল। আফগানিস্তানকে শক্তিশালী মেনে তাদের বিপক্ষে ভালো ফল করার আশাবাদও জানালেন বাংলাদেশ অধিনায়ক। নিজেদের মাঠে খেলা বলে আরও বেশি আত্মবিশ্বাসী তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ৪ ও ৭ সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আফগানিস্তান ১৫৭তম, বাংলাদেশ ১৮৯তম।
র্যাঙ্কিংয়ের এই ব্যবধান মেনে নিয়েই নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন জামাল। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ‘স্পিরিট’ নিয়ে আফগানিস্তানের মুখোমুখি হতে চান এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
“আফগানিস্তান অনেক শক্তিশালী দল, ওদের অধিকাংশ খেলোয়াড় ইউরোপে খেলে। ওরা শক্তিশালী…ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ৩০-৪০ ধাপ উপরে (৩২ ধাপ), তো আমি মনে করি ওরা আমাদের চেয়ে শক্তিশালী।“
“তবে আমাদের এখানে একটা সুবিধা আছে, এটা আমাদের হোম গ্রাউন্ড, সাফে আমাদের যে স্পিরিট ছিল, সেটা ধরে রাখতে হবে, আমি মনে করি, আমরা একটা ভালো ফল করতে পারব। আজকে ক্যাম্পে যোগ দিয়েছি, অনেক দিন পর, ভালো লাগছে, এখানে আবহাওয়া অনেক ভালো, গরম আছে, আমি খুশি।”
দলের প্রতি জামালের নিবেদনে মুগ্ধ জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন।
“জামাল কাল ক্যাম্পে যোগ দিয়েছে, কোচ প্রথমেই ওকে জিজ্ঞেস করেছিল, সেশন (ট্রেনিং) করতে পারবে কিনা। ওর যে মনোভাব, সেটা আমাদের ভীষণ ভালো লেগেছে, দীর্ঘ ভ্রমণ করে আসার পরও জামাল বলেছে, ‘কোচ আমি পুরো সেশন করব’। একজন অধিনায়ক হিসেবে টিমের প্রতি, দেশের প্রতি ওর যে দায়িত্ববোধ, সেটা অবশ্য অন্যদের প্রভাবিত করে।”
