দলের সঙ্গে আরও মানিয়ে নেওয়ার অনুভূতি রোনালদোর
সতীর্থদের খেলার ধরন এখন বুঝতে পারছেন বলে জানালেন এই পর্তুগিজ মহাতারকা।
সৌদি আরবে ক্রিস্তিয়ানো রোনালদোর আসার এখনও দুই মাস পূরণ হয়নি। এই অল্প সময়ে নতুন ঠিকানায়, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া কঠিন। তবে একটু একটু করে চেষ্টা করে যাচ্ছেন তিনি। দামাকের বিপক্ষে হ্যাটট্রিক উপহার দেওয়ার পর পর্তুগিজ মহাতারকা বললেন, এখানকার ফুটবলের ধরণ এবং আল নাস্রের সতীর্থদের আরও বেশি বুঝতে পারছেন তিনি।
সৌদি প্রো লিগে শনিবার দামাকের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথমার্ধেই গোল তিনটি করেন রোনালদো।
সবশেষ তিন ম্যাচে এটি রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক। আল ওয়েহদার বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে সবকটি গোল করেছিলেন রোনালদো। পরের ম্যাচে আল তাওনের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে অবদান রাখেন দুটি গোলে।
আল নাস্রের সবশেষ ৯ গোলে সরাসরি অবদান রাখলেন রোনালদো। সৌদি আরবের ক্লাবটির হয়ে লিগে ৫ ম্যাচে তার গোল হলো ৮টি।
দামাকের বিপক্ষে সফল স্পট কিকে ১৮তম মিনিটে দলকে এগিয়ে নেন তিনি। পাঁচ মিনিট পর চমৎকার ফিনিশিংয়ে দ্বিগুণ করেন ব্যবধান। ৪৪তম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক।
ম্যাচ শেষে এসএসসি স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় নতুন ক্লাব, পরিবেশ এবং সতীর্থদের ধরন দিনে দিনে আরও ভালো বুঝতে পারছেন বলে জানান রোনালদো।
“অনুভব করছি, দলের সঙ্গে আগের চেয়ে বেশি মানিয়ে নিয়েছি আমি। পাঁচ-ছয় কিংবা সাত ম্যাচে সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়।”
“সবাই আমার মুভমেন্টগুলো জানে, এখন আমিও তাদের মুভমেন্টগুলো বুঝতে পারছি… ধাপে ধাপে আমরা বড় ধাপে উঠব।”
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় প্রাপ্তিকেই সবসময় প্রাধান্য দেন রোনালদো। নিজের হ্যাটট্রিকের আনন্দ তার আছে বটে, কিন্তু দলের জয় ও পারফরম্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানালেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড।
“আমি খুব খুশি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল। দামেকের বিপক্ষে দল চমৎকার খেলেছে, সবাই দৌড়েছে, লড়াই করেছে। আমার কাছে গোল করা গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল।”
