২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের আঙিনায় ২৩ বছরের পথচলার ইতি টানলেন কিয়েল্লিনি

পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ইতালি ও ইউভেন্তুসের সাবেক এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 11:33 PM

Updated : 12 Dec 2023, 11:33 PM

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর দেড় বছর পর এবার একেবারেই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন জর্জো কিয়েল্লিনি। ২৩ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দিলেন ইতালি ও ইউভেন্তুসের সাবেক এই ডিফেন্ডার।  

ইউভেন্তুসের সঙ্গে ১৭ বছরের অধ্যায়ের ইতি টেনে গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল লস অ্যাঞ্জেলসে যোগ দেন কিয়েল্লিনি। গত শনিবার এমএলএস কাপের ফাইনালে কলাম্বাস ক্রুর বিপক্ষে ২-১ গোলে হেরে যায় তার দল।

সামাজিক মাধ্যম এক্স-এ নিজের খেলোয়াড়ী জীবনের বিভিন্ন মুহূর্তের একটি ভিডিও পোস্ট করে মঙ্গলবার অবসরের কথা জানান ৩৯ বছর বয়সী কিয়েল্লিনি।

২০০০ সালে স্বদেশের ক্লাব লিভোর্নোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন কিয়েল্লিনি। ক্যারিয়ারের সেরা সময়টা কাটান অবশ্যই ইউভেন্তুসের জার্সিতে। ২০১১ থেকে ২০২০ পর্যন্ত তুরিনের দলটির টানা ৯টি সেরি আ ও পাঁচটি ইতালিয়ান কাপ জয়ে তার ছিল বড় অবদান।

২০২২ সালের জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন কিয়েল্লিনি। ইতালির হয়ে ১১৭ ম্যাচে গোল করেন ৮টি। ২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে জাতীয় দলকে নেতৃত্ব দেন তিনি।