এমবাপে থাকলে আমরা আরও শক্তিশালী, বললেন নেইমার
বায়ার্ন মিউনিখের বিপক্ষে কিলিয়ান এমবাপেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
চোট কাটিয়ে কিলিয়ান এমবাপের ফেরা পিএসজির জন্য স্বস্তির খবর হয়ে এসেছে। এবার দলটির আক্রমণভাগের তারকা নেইমারও জানালেন, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফরাসি ফরোয়ার্ডকে পাওয়ার আশাবাদ।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও পিএসজি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের দলে চোট কাটিয়ে ওঠা এমবাপেকে রেখেছেন লিগ ওয়ানের দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ে।
গত ১ ফেব্রুয়ারি লিগ ওয়ানে মোঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে বাম ঊরুতে চোট পান এমবাপে। তখন ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বিশ্বকাপ জয়ী তারকাকে। ফলে বায়ার্নের বিপক্ষে আসছে ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনাও ছিল না। কিন্তু শঙ্কার মেঘ সরিয়ে রোববার পিএসজির অনুশীলনে ফেরেন এমবাপে।
ফরাসি ফরোয়ার্ডের শারীরিক অবস্থা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে বলেও জানান নেইমার। এমবাপে তাকে ভালো খবরই দিয়েছেন, বললেন এই ব্রাজিলিয়ান তারকা।
“আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে একজন বিশ্বমানের খেলোয়াড় এবং তার গুরুত্ব আমরা জানি।”
“এমবাপেকে নিয়ে আমরা আরও শক্তিশালী অনুভব করি এবং আশা করি, সে (বায়ার্নের বিপক্ষে) কিছু সময় খেলবে। ভালো অনুভব করার কথা সে আমাকে বলেছে।”
সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না পিএসজির। মার্সেইয়ের কাছে হেরে ফরাসি কাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর গত শনিবার লিগে মোনাকোর মাঠে ৩-১ গোলে হারে ক্রিস্তফ গালতিয়ের দল। এই বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে তারা হেরেছে চার ম্যাচ।
