২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে নেইমারকে নিয়েই দারুণ কিছু করবে ব্রাজিল, বিশ্বাস রোনালদোর

২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলা অভিজ্ঞ ফরোয়ার্ডকে নিয়ে আশাবাদী এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।

বিশ্বকাপে নেইমারকে নিয়েই দারুণ কিছু করবে ব্রাজিল, বিশ্বাস রোনালদোর
নেইমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 07:38 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন নেইমার, এরপরও উত্তরসূরির ওপর আস্থার কমতি নেই রোনালদোর। ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকারের বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপে দেশের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। 

৩৩ বছর বয়সী নেইমার সবশেষ দেশের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি দলের সবার জন্য একটা শর্ত বেঁধে দিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলে ফিরতে হলে ‘ভালো শারীরিক অবস্থায়’ থাকতে হবে। 

পঞ্চম স্থানে থেকে বাছাইপর্ব শেষ করেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এটাই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সবচেয়ে বাজে ফল। তারপরও উত্তরসূরিদের সামর্থ্যে অগাধ আস্থা আছে রোনালদোর। 

“যে খেলোয়াড়দের পাওয়া যাবে, তাদের নিয়েই ব্রাজিল যে কোনো কিছু অর্জন করতে পারে।”

“বিশ্বকাপে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে নেইমার এবং আমি বিশ্বাস করি, সেটা সে হবে। সবাই শতভাগ ফিট অবস্থায় নেইমারকে চায়। আনচেলত্তি এটা চায় এবং সে নিজেও এটা চায়। তার মধ্যে বিশ্বকাপে খেলার এবং ব্রাজিলকে সাহায্য করার তীব্র আকাঙ্ক্ষা দেখছি আমি।”

৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসের সফলতম গোল স্কোরার নেইমার আগামী বছর চতুর্থ বিশ্বকাপ খেলতে উন্মুখ। আল হিলালের সঙ্গে চুক্তির ইতি টেনে গত জানুয়ারিতে যোগ দেন শৈশবের ক্লাব সান্তোসে। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলার সময় পাওয়া এসিএলের চোটের জন্য সৌদি আরবে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন তিনি। গত এপ্রিলে ঊরুর চোট ও গত মাসে পেশির সমস্যায় আন্তচেলত্তির দেওয়া প্রথম দুটি ব্রাজিল দলে জায়গা পাননি নেইমার।

এই তারকা ফরোয়ার্ডের ক্লাব সান্তোস কঠিন সময় কাটাচ্ছে ব্রাজিলের শীর্ষ লিগে। গত রোববার আতলেতিকো মিনেইরোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ১৬ নম্বরে নেমে গেছে দলটি। অবনমন অঞ্চল থেকে তারা কেবল ১ পয়েন্টে এগিয়ে। 

ক্লাবের ভোগান্তিতে সাম্প্রতিক সময়ে ভক্তদের ক্ষোভের মুখে পড়েছেন নেইমার। দুইবারের বিশ্বকাপ জয়ী রোনালদো মনে করেন, এই সমালোচনা ন্যায্য নয়। 

“আশা করি, সে এখন শতভাগ ফিট। সে গুরুতর একটি চোট থেকে সেরে উঠেছে এবং সে যেসবের মধ্য দিয়ে যাচ্ছে, তা খুব স্বাভাবিক… তাকে নিয়ে সমালোচনা অতিরঞ্জিত, তবে তার ওপর প্রত্যাশ্যা সবসময়ই অনেক আর সে কারণেই সমালোচনা হয়। তবে নেইমার জানে যে, বিশ্বকাপে শতভাগ ফিট থাকতে তার কী করতে হবে।” 

২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। এরপর তাদের সেরা ফল ২০১৪ আসরে ঘরের মাঠে চতুর্থ হওয়া। এবার রেয়াল মাদ্রিদ ও এসি মিলানের সাবেক কোচ আনচেলত্তিকে নিয়ে আশার আলো দেখছেন রোনালদো।

“আনচেলত্তি অসাধারণ একজন মানুষ, দল অন্তঃপ্রাণ। তিনি সবসময় দলকে ঔক্যবদ্ধ করেন এবং অনুপ্রেরণা যোগান। ট্যাকটিক্যালি তিনি দুর্দান্ত, ফুটবলে তিনি বিজয়ী। সফল হওয়ার জন্য সব কিছু আছে আনচেলত্তির ও জাতীয় দলের।”