এমবাপের উন্নতিতে খুশি আনচেলত্তি
নতুন সতীর্থদের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিচ্ছেন ফরাসি তারকা, মনে করছেন রেয়াল মাদ্রিদ কোচ।
পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর শুরুতে কিছুটা ভুগতে হয়েছে কিলিয়ান এমবাপেকে। তবে সময়ের সঙ্গে এখন স্বরূপে ফেরার আভাস দিচ্ছেন ফরাসি তারকা। তার উন্নতিতে সন্তুষ্ট স্প্যানিশ চ্যাম্পিয়নদের কোচ কার্লো আনচেলত্তি।
উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে রেয়ালের হয়ে অভিষেক ম্যাচেই গোলের দেখা পান এমবাপে। সেদিন ইউরোপের সফলতম ক্লাবটির ২-০ ব্যবধানে জয়ের পথে তিনি করেন একটি গোল।
কিন্তু লা লিগায় নিজেকে খুঁজে ফিরছিলেন এমবাপে। লিগে দলের প্রথম তিন ম্যাচে একবারও জালের দেখা পাননি তিনি। তার পারফরম্যান্সেও ছিল না ধার। সেই হতাশা পেছনে ফেলে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে রেয়ালের শেষ ম্যাচে জ্বলে ওঠেন এমবাপে। রেয়াল বেতিসকে ২-০ ব্যবধানে হারানো ম্যাচে দুটি গোলই করেন তিনি।
বিরতির পর ফিরেও দেখা পেয়েছেন জালের। লিগে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে শনিবার ২-০ গোলে জেতা ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের উন্নতি দেখে ভালো লাগছে আনচেলত্তির।
“এমবাপেকে আরও তরতাজা দেখাচ্ছে, বল পায়ে সে এখন আরও বেশি সক্রিয়। সে খুবই বিপজ্জনক, ভিনিসিউস ও অন্য ফরোয়ার্ডদের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিচ্ছে। সে উন্নতি করছে। তার খেলা আমার অনেক ভালো লেগেছে।”
সোসিয়েদাদ ম্যাচ শেষে এমবাপেও বলেন, নতুন দলের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছেন তিনি।
“প্রতি ম্যাচেই আমি আরও ভালো অনুভব করছি। দল, কোচ ও সতীর্থদের কী প্রয়োজন, আমি বুঝতে পারছি। (ভিনিসিউস ও আমি) ম্যাচের মধ্যে একে অপরকে খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং অনুশীলনেও সেই সংযোগ খোঁজার চেষ্টা চলে। সে দারুণ একজন খেলোয়াড়।”
৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে রেয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে ভিয়ারেয়াল। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
