১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাফল্যে ভরা বছর কাটিয়ে ‘আরও চায়’ রেয়াল

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে লুকাস ভাসকেস বলেছেন, এখনও অনেক ক্ষুধার্ত তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 06:11 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

সাফল্যমণ্ডিত বছরের শেষভাবে এসে অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ করেছে রেয়াল মাদ্রিদ। জিতেছে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। তবে তৃপ্তির ঢেকুর না তুলে আরও সাফল্যের জন্য উন্মুখ স্প্যানিশ ক্লাবটির অধিনায়ক লুকাস ভাসকেস। 

কাতারের লুসাইল স্টেডিয়াম, যেখানে ২০২২ বিশ্বকাপ ফাইনাল হয়েছিল, সেই মাঠে বুধবার রাতের ফাইনালে মেক্সিকোর পাচুকা এফসিকে ৩-০ গোলে হারায় রেয়াল। প্রথমার্ধে কিলিয়ান এমবাপের গোল এগিয়ে যাওয়ার পর জালের দেখা পান রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র।

কার্লো আনচেলত্তির কোচিংয়ে চলতি বছর স্বপ্নের মতো কাটছে রেয়ালের। ২০২৪ সালে এনিয়ে পঞ্চম শিরোপা জিতল দলটি। শুরুটা করেছিল তারা গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে। এরপর চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তোলে তারা।

আগের ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে ছয় মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে নতুন আঙ্গিকে শুরু হওয়া ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম আসরের চ্যাম্পিয়নও এখন রেয়াল। সাম্প্রতিক সময়ের কিছুটা ছন্দহীন পারফরম্যান্সের মাঝে এই সাফল্যে উচ্ছ্বসিত ভাসকেস। 

ম্যাচ শেষে তার কণ্ঠে ঝরল দুর্দান্ত একটি বছর কাটানোর উচ্ছ্বাস। বললেন, এখানে না থেমে আরও অর্জনের পথে ছোটার তাড়নার কথা।

“অবিশ্বাস্য একটা বছর। আমরা ঘুরে দাঁড়িয়ে দেখিয়েছি যে, আমাদের উচ্চাকাঙ্ক্ষা অটুট রয়েছে। এখনও আমাদের ক্ষুধা অনেক এবং আমরা আরও (সাফল্য) পেতে চাই।”

পাচুকার বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রেয়াল মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে। ‘অ্যাডিডাস সিলভার বল’ জেতেন উরুগুয়ের এই ফুটবলার। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলের শিরোপা জয়ে ভীষণ খুশি তিনি। 

“আরেকটি ব্যক্তিগত পুরস্কার জিতে আমি খুবই খুশি, যা আমার সব শুভাকাঙ্ক্ষী, স্ত্রী, সন্তান ও বাবা-মাকে উৎসর্গ করছি, যারা ভালো ও খারাপ সময়ে আমার পাশে ছিলেন। আরেকটি শিরোপা জিততে পেরে আমি গর্বিত।”

ফাইনালে একটি করে গোল করে ও করিয়ে গোল্ডেন বল জিতেছেন গত মঙ্গলবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী ভিনিসিউস।