ভালভের্দের গোলে অ্যাসিস্ট করে ভিনিসিউস বললেন, ‘এটাই সেরা’
কোচ শাবি আলোন্সোর চোখেও ভিনিসিউসের পাসটি খুব সুন্দর, তবে সেরার প্রশ্নে তার মত ভিন্ন।
আসরে প্রথম গোলের দেখা পেলেন, খুব গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জয়ের পথে এগিয়ে নিলেন। তবে ভিনিসিউস জুনিয়র সবচেয়ে বেশি খুশি ফেদেরিকো ভালভের্দের গোলে অবদান রাখতে পেরে। রেড বুল সালসবুর্কের বিপক্ষে ব্যাকহিল অ্যাসিস্টকে তার ক্যারিয়ারে সেরা মনে করছেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় শুক্রবার সকালে ম্যাচটি ৩-০ গোলে জিতে, ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে রেয়াল মাদ্রিদ। জাল অক্ষত রেখে জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, সবকিছুই বাড়তি আনন্দ দিচ্ছে মাদ্রিদের দলটিকে।
এর মাঝে আরেকটি বিষয় নজর করেছে, শিরোপাশূন্য মৌসুমের পর নতুন কোচের হাত ধরে একটু একটু করে যেন চেনা ছন্দে ফিরছে রেয়াল। গোল করে ও করিয়ে ভিনিসিউসও বিধ্বংসী রূপে ফেরার বার্তা দিয়েছেন।
প্রথমার্ধের শেষ দিকে নিজেদের অর্ধ থেকে জুড বেলিংহ্যামের অসাধারণ পাস পেয়ে এগিয়ে গিয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সের বাইরে থেকে গড়ানো শটে গোল করেন ভিনিসিউস। এরপর বিরতির আগে যোগ করা সময়ে তার ওই দুর্দান্ত ব্যাকহিল পাস; গিলেরের চমৎকার ছোঁয়া থেকে বক্সের ভেতর বিপজ্জনকভাবে ঢুকে গোলে শট না নিয়ে হুট করে আলতো ব্যাক হিল করেন ভালভার্দেকে। বাকিকাজ সুন্দরভাবে শেষ করেন ভালভের্দে।
চমৎকার পাসটি দিতে পেরে ম্যাচ সেরা ভিনিসিউস কতটা উচ্ছ্বসিত, ম্যাচের পর তার কণ্ঠেই তার ফুটে উঠল।
“অ্যাসিস্টটি করতে পেরে আমি খুব খুশি। আমার মনে হয়, এটা আমার ক্যারিয়ারে সেরাগুলোর একটি।”
ভিনিসিউসের এই ব্যাকহিল পাস নিয়ে আলোচনার মাঝে উঠে এসেছে রেয়াল মাদ্রিদ গ্রেট গুতির একটি অসাধারণ পাস, দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লড়াইয়ে বিখ্যাত সেই পাস দিয়েছিলেন সাবেক স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার।
ডিএজেডএনকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কোচ আলোন্সো অবশ্য সাবেক সতীর্থের পাসটিকেই এগিয়ে রাখলেন।
“ভিনির পাসটি খুব ভালো ছিল, কিন্তু আমি (সেই ম্যাচে) গুতির সঙ্গে মাঠে ছিলাম এবং সেটা ছিল অবিশ্বাস্য। তাই আমি ওটাকেই এগিয়ে রাখব। তবে ভিনির পাসটাও প্রায়, প্রায় একই রকমের।”
এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন মিডফিল্ডার ভালভের্দে। ম্যাচের শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন গন্সালো গার্সিয়া। আসরে প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ১-১ ড্রয়ের পথে প্রথমে তার গোলেই এগিয়ে গিয়েছিল রেয়াল মাদ্রিদ।
হতাশারজনক ওই ড্রয়ের পর, টানা দুই ম্যাচে তিনটি করে গোল করে জিতল ইউরোপের সফলতম দলটি। ধীরে ধীরে দল নতুন কোচের কৌশলে মানিয়ে নিচ্ছে বলে মনে করেন ভিনিসিউস।
“খুব ভালো দুটি সপ্তাহ কাটছে। আমরা আত্মবিশ্বাস অর্জন করছি এবং কোচ কী চান, যতটা দ্রুত সম্ভব আমরা তা বোঝার চেষ্টা করছি। আমাকে একটু ভেতরে খেলতে হবে এবং এই কৌশল সবসময় আমি পছন্দ করি, এতে আমি আরও গোলের কাছে থাকি।”
কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ।
