হ্যাটট্রিক করেও সন্তুষ্ট নন এমবাপে!
কোচ ও এমবাপের আফসোসের কারণ স্পষ্ট হয়ে যায় পয়েন্ট তালিকার দিকে তাকালে।
তিন দিন আগের তীব্র হতাশার পর দল পেয়েছে প্রতাশিত বড় জয়। নিজে পেয়েছেন দারুণ এক হ্যাটট্রিক। এরপরও পুরোপুরি খুশি হতে পারছেন না কিলিয়ান এমবাপে। আরও কয়েকটি গোল করতে না পারায় নিজের প্রতি অসন্তুষ্ট ফরাসি তারকা।
লা লিগায় গত শনিবার আতলেতিকো মাদ্রিদের মাঠে ভরাডুবি হয় রেয়ালের, হেরে যায় ৫-২ গোলে। সেই ধাক্কা সামলে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে কয়রাত আলমাতিকে ৫-০ গোলে হারিয়ে দেয় প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা।
২৫তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে।
নিজের ও দলের পারফরম্যান্সে অবশ্য অখুশি নন এমবাপে। কিন্তু যে সুযোগগুলো তিনি নষ্ট করেছেন, সেগুলোই পোড়াচ্ছে তাকে। মুভিস্টারকে দেওয়া প্রতিক্রিয়ায় সে কথাই বললেন তিনি।
“আমার মতো একজন খেলোয়াড়ের পাঁচটি সুযোগ পেলে পাঁচটিই গোল করা উচিত। আজ আমি তিনটি করেছি এবং এটা ভালো। কিন্তু আমি আরও গোল করতে পারতাম। গোলমুখে আরও নিখুঁত হওয়ার জন্য আমি কাজ করে যাব।”
এবারের চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা।
ইউরোপ সেরার মঞ্চে এবার দুই ম্যাচে তার গোল হলো পাঁচটি। সব মিলিয়ে মৌসুমে তার গোল ছিল ১৩টি।
আর চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে ৬০ গোল হলো এমবাপের, ৮৯ ম্যাচে।
রেয়াল কোচ শাবি আলোন্সোও অনেক সুযোগ নষ্ট হওয়ায় আফসোস করলেন।
“(চ্যাম্পিয়ন্স লিগের) এই ফরম্যাটে অনেক গোল করার সুযোগ পেলে সেটা নষ্ট হতে দেওয়া যাবে না। আমরা আরও গোল করতে পারতাম। তবে আজকের লক্ষ্য ঠিকঠাক পূরণ হয়েছে।”
কোচ ও এমবাপের আফসোসের কারণ স্পষ্ট হয়ে যায় পয়েন্ট তালিকার দিকে তাকালে। দুই ম্যাচের দুটিতে জিতেও ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রেয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ।
তাদের সমান পয়েন্ট নিয়েই তৃতীয় স্থানে ইন্টার মিলান।
বুধবারের ম্যাচগুলো হওয়ার পর পয়েন্ট টেবিলে আরও পরিবর্তনের সম্ভাবনা তো আছেই।
