১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অনন‍্য’ মেসিকে ঠেকানোর পথ খুঁজছেন টুখেল

আর্জেন্টিনা অধিনায়কের বিপক্ষে কৌশল নিয়ে কিছুই বললেন না ইংল‍্যান্ড কোচ।

‘অনন‍্য’ মেসিকে ঠেকানোর পথ খুঁজছেন টুখেল
লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 04:00 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

ফাইনালে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হতে পারেন লিওনেল মেসি। তাকে ঠেকানোর জন‍্য বাড়তি ভাবনা থাকাটাই স্বাভাবিক। তবে সে সব নিয়ে কিছুই বললেন না ইংল‍্যান্ড কোচ টমাস টুখেল। আর্জেন্টিনা অধিনায়ককে প্রশংসায় ভাসালেন তিনি।

আটলান্টায় দ্বিতীয় সেমি-সেমিফাইনালে ১৬ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল‍্যান্ড। এর আগে বিবিসির সঙ্গে আলাপচারিতায় মেসির সম্ভাব‍্য হুমকি নিয়ে বললেন টুখেল।

“অনেক কোচ, অনেক দল (মেসিকে থামানোর) চেষ্টা করেছে। কিন্তু মনে হয়, তার সব সময় অন‍্য একটা পথ থাকে। মনে হয়, তার কাছে অন‍্য একটা সমাধান আছে। সে খুবই অনন্য একজন। আমি মনে করি, তাকে নিয়ে কারও কিছু বলার প্রয়োজন নেই।”

৩৯ বছর বয়সী আসরে এখন পর্যন্ত করেছেন আট গোল। সেমি-ফাইনাল পর্যন্ত শিরোপাধারীদের আসার পেছনে অধিনায়কের অবদানই সবচেয়ে বেশি। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের এই পারফরম‍্যান্স ঠিক যেন বিশ্বাস হচ্ছে না ইংল‍্যান্ড কোচের। 

“তার বিশ্বকাপ পারফরম‍্যান্স অবিশ্বাস‍্য। সে যা করছে, তা ব‍্যাখ‍্যা করার জন‍্য কিছু বলার প্রয়োজন নেই। সে একজন নেতা। টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বোঝাপড়া বাড়ছে। তারা অনেক দিন ধরে এক সঙ্গে আছে।”

টানা দ্বিতীয় ও সবশেষ চার আসরে তৃতীয়বার ফাইনাল খেলার হাতছানি আর্জেন্টিনার সামনে। টানা দুটি কোপা আমেরিকা শিরোপাও জিতেছে তারা। লিওনেল স্কালোনি দলে খুব বেশি পরিবর্তিন করেননি, তাতে অনেকে দীর্ঘ সময় ধরে খেলছেন এক সঙ্গে। এটাকেও একটা বড় চ‍্যালেঞ্জ হিসেবে দেখছেন টুখেল।

“আমরা মেসির জন‍্য প্রস্তুত। আমরা জানি, আমরা কার মুখোমুখি হতে যাচ্ছি। আমরা জানি, তার মান কেমন। আমরা দলের প্রত‍্যয় সম্পর্কে জানি। 

“সবকিছু তার জন‍্য, সবকিছু তাকে ঘিরে গড়া তোলা। গতবার বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে তাদের। ওরা শিরোপাধারী, প্রায় একই দল নিয়ে খেলছে। তাই, হ‍্যাঁ আমরা শিরোপাধারীদের বিপক্ষে খেলব। আমরা তাদের হারাতে চাই। এটাই লক্ষ‍্য, আমরা এর জন‍্য প্রস্তুত।”