১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবার আপত্তিকর কাণ্ড ঘটিয়ে লাল কার্ড দেখলেন মরিনিয়ো

ম্যাচ শেষে চতুর্থ অফিসিয়ালের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুললেন এই পর্তুগিজ কোচ।

আবার আপত্তিকর কাণ্ড ঘটিয়ে লাল কার্ড দেখলেন মরিনিয়ো
বেনফিকা কোচ জোসে মরিনিয়ো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 07:34 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

বিতর্ক সত্যিই যেন পিছু ছাড়ে না জোসে মরিনিয়োর। নাকি উল্টো। সবশেষ, পর্তুগালের শীর্ষ লিগে পোর্তোর বিপক্ষে ম্যাচ শেষে স্বভাবসুলভ আপত্তিকর আচরণের জন্য বহিষ্কার হন এই পর্তুগিজ কোচ।

লিগ টেবিলের শীর্ষে থাকা দলটির সঙ্গে ব্যবধান কমানোর আশায় ছিল বেনফিকা। যদিও সোমবার ঘরের মাঠে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে তারা। পরে ৬৯তম মিনিটে আন্দ্রেয়াস ও শেষ দিকে লেয়ান্দ্রোর গোলে ২-২ ড্র করে এক পয়েন্ট পায় বেনফিকা। 

রোমাঞ্চকর লড়াইটি বেশ ভালোভাবে শেষ হচ্ছিল। কিন্তু সবকিছুর শান্ত রূপ মরিনিয়ো যেন পছন্দ হলো না! অতিরিক্ত সময়ে একটি ঘটনায় বেনফিকার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে লাল কার্ড দেখান রেফারি। সেটাই যেন ক্ষুব্ধ করে তোলে মরিনিয়োকে। পরে লকার রুমে যাওয়ার সময় প্রতিপক্ষ দলের স্টাফদের উদ্দেশ করে আপত্তিকর অঙ্গভঙ্গি করায় তাকেও লাল কার্ড দেখান রেফারি। 

দিনশেষে তাই আবার সব আলোচনার কেন্দ্রে মরিনিয়ো। তিনি অবশ্য তাকে বহিষ্কারের পেছনে অন্য কারণ দেখান।

“রেফারি আমাকে বলেছেন যে, পোর্তো বেঞ্চের দিকে একটি বল ছুঁড়ে মারায় আমাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা।”

“অনেক সময়ই, যখন আমরা গোল করি, আমি স্ট্যান্ডে বল কিক মারি কোনো এক ভাগ্যবানকে (দর্শককে) সুযোগ দিতে। আমি জানি, টেকনিক্যালি আমি খুব ভালো নই, কিন্তু শটটা গ্যালারির দিকে ছিল। আমাকে অন্যায্যভাবে লাল কার্ড দেওয়া হয়েছে। চতুর্থ অফিসিয়াল গোটা ম্যাচ জুড়েই খুব খারাপভাবে দায়িত্ব সামলেছে।”

২৫ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোর্তো। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে স্পোর্তিং।

৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেনফিকা।