ফাইনর্ট সমর্থকদের ছোড়া আতশবাজিতে আহত প্রতিপক্ষের সমর্থকরা
এসসি কাম্বিউর জানিয়েছে, তাদের সমর্থকরা দগ্ধ হয়েছেন, শ্রবণশক্তি হারিয়েছেন এবং চোখে আঘাত পেয়েছেন।
অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ডাচ লিগের ম্যাচে। এসসি কাম্বিউর জানিয়েছে, সফরকারী ফাইনর্ট সমর্থকদের আতশবাজি ছোড়ার ফলে তাদের সমর্থকরা দগ্ধ হয়েছেন, শ্রবণশক্তি হারিয়েছেন এবং চোখে আঘাত পেয়েছেন।
রোববারের ম্যাচটিতে সফরকারী দলের সমর্থকরা বিপুল সংখ্যক লাল ফ্লেয়ার জ্বালিয়ে আতশবাজি ছোড়ার কারণে প্রথমার্ধে প্রায় ২০ মিনিটের জন্য খেলা বন্ধ ছিল। কিছু আতশবাজি গ্যালারির স্বাগতিক দলের সমর্থকদের অংশের দিকে তাক করা হয়েছিল। একটি আতশবাজি এমনকি ফাইনর্ট গোলরক্ষকের থেকে মাত্র কয়েক মিটার দূরে মাঠেই বিস্ফোরিত হয়।
ফাইনর্টের জেনারেল ম্যানেজার রবার্ট এনহর্ন বলেছেন, “আমাদের নিজেদের গোলরক্ষকের দিকে একটি ফ্লেয়ার ছোড়া হয়েছিল এবং তিনি কোনোমতে তা এড়াতে সক্ষম হন।”
এই ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন তিনি।
কাম্বিউর সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পাঁচ জন সমর্থক আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ডাচ ফুটবলের দ্বিতীয় স্তরে তিন মৌসুম কাটানোর পর গত মৌসুমে শীর্ষ লিগে ফেরা ক্লাবটি আরও জানিয়েছে, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে তারা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে।
“এটা স্পষ্ট হওয়া উচিত যে, আতশবাজি ফোটানো এবং ছোড়া একেবারেই অগ্রহণযোগ্য এবং ফুটবল স্টেডিয়ামে এর কোনো স্থান নেই”
অন্যদিকে ফাইনর্ট জানিয়েছে, তারা ক্যামেরা ফুটেজের জন্য অনুরোধ করবে।
স্থানীয় মেয়র এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এসব ক্ষেত্রে তাদের নিয়মগুলো পুনর্বিবেচনা করবে তারা।
সমর্থকরা আহত হওয়া সত্ত্বেও ম্যাচটি পুনরায় শুরু করা হয়, তবে কোনো খেলোয়াড় বা ম্যাচ অফিসিয়াল আহত হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হতো।
ফাইনর্ট ম্যাচটি ৫-২ গোলে জিতে নতুন মৌসুমে লিগে তাদের অপরাজিত পথচলা ধরে রেখেছে। আর কাম্বিউর তাদের প্রথম তিন ম্যাচেই হেরেছে।
