২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শিরোপার ঘ্রাণ পাচ্ছে নাসরিন

সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে ফিরেছে নাসরিন একাডেমি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:10 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

হ্যাটট্রিক উপহার দিলেন ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া মাতসুশিমা ও সাবিনা খাতুন। ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে উইমেন’স প্রিমিয়ার লিগের শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেল নাসরিন একাডেমি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার ১১-০ গোলে জিতেছে নাসরিন একাডেমি।

উইমেন’স প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই চলছে আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ও নাসরিন একাডেমির মধ্যে। এ মুহূর্তে দুই দলের পয়েন্ট সমান ১৯ করে; তবে লিগের নাটাই এক ম্যাচ কম খেলা নাসরিন একাডেমির হাতে।

পরের ম্যাচে সাবিনা-সানজিদাদের প্রতিপক্ষ ঢাকা রেঞ্জার্স। ম্যাচটি ড্র করলেই চ্যাম্পিয়ন হবে নাসরিন একাডেমি।

লিগে অপরাজেয় পথচলার আত্মবিশ্বাস নিয়ে ফরাশগঞ্জের বিপক্ষে নাসরিন একাডেমির শুরুটা হয় দারুণ। পঞ্চদশ মিনিটে তিন সতীর্থের পা ঘুরে পাওয়া বল দারুণ কোনাকুনি শটে জালে জড়ান ঋতুপর্না। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে বাম পায়ে দৃষ্টিনন্দন শটে ব্যবধান দ্বিগুণ করেন মাতসুশিমা। গোলরক্ষক লাফিয়েও নাগাল পাননি বলের।

২৬তম মিনিটে বাইলাইনের একটু ওপর থেকে সাবিনা খাতুনের কাটব্যাক ক্লিয়ার করতে পারেনি কেউ; গোলমুখে ফাঁকায় থাকা মাতসুশিমা টোকায় সারেন বাকি কাজ। পরে ৭৫তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড।

ম্যাচের চতুর্থ গোলটি সতীর্থের আড়াআড়ি ক্রস গোলমুখ থেকে জালে জড়িয়ে দেন সাবিনা। এরপর ৭৬ ও ৮৮তম মিনিটে গোলে হ্যাটট্রিক পূরণ করেন এই তারকা ফরোয়ার্ড।

(বাঁ থেকে) সুমাইয়া মাতসুশিমা, ঋতুপর্ণা চাকমা ও সাবিনা খাতুন।

(বাঁ থেকে) সুমাইয়া মাতসুশিমা, ঋতুপর্ণা চাকমা ও সাবিনা খাতুন।

আর ৬৩তম মিনিটে ঋতুপর্নার গোলে স্কোরলাইন হয় ৫-০। ৭০তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পর ৭৪তম মিনিট ব্যক্তিগত চতুর্থ গোলটি করেন তিনি।

দলের অন্য গোলটি করেন সানজিদা আক্তার।