ছন্নছাড়া লিভারপুলের বিপক্ষে নিজেদের ফেভারিট মানছেন না এনরিকে
দুই দলের জন্যই লড়াইটা কঠিন হবে বলে মনে করছেন পিএসজি কোচ লুইস এনরিকে।
মৌসুমে দুই দলের অবস্থান যেন ভিন্ন দুই মেরুতে। বাজে সময় কাটছে লিভারপুলের, দুর্বার গতিতে ছুটছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে এই দুই দলের লড়াইয়ে তাই ফরাসি চ্যাম্পিয়নদের ফেভারিট মনে করছে অনেকে। তবে লুইস এনরিকের ভাবনা ভিন্ন। পিএসজি কোচের মতে, এসব ম্যাচে কাউকে এগিয়ে রাখার কোনো মানে হয় না।
ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল প্রিমিয়ার লিগে আছে পঞ্চম স্থানে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তারা ম্যাচ হেরেছে ১৫টি– যা ২০১৪-১৫ মৌসুমে ১৮টি ম্যাচ হারের পর এক মৌসুমে তাদের সর্বোচ্চ পরাজয়।
প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার স্বপ্ন আগেভাগে শেষ হয়ে যাওয়াই শুধু নয়, এরই মধ্যে লিগ কাপ ও এফএ কাপ থেকেও বিদায় নিয়েছে লিভারপুল। গত শনিবার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে আর্না স্লটের দল। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে শেষ ম্যাচে প্রিমিয়ার লিগে ব্রাইটনের মাঠেও হেরেছিল তারা।
অন্যদিকে, পিএসজি লিগ আঁর শিরোপা ধরে রাখার পথে আছে ভালোভাবেই। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে চার পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে তারা এক ম্যাচ কম খেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে ১৫ গোল করে ও দারুণ পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়নরা।
শেষ আটের প্রথম লেগে বুধবার ঘরের মাঠে লিভারপুলের মুখোমুখি হবে পিএসজি। আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের ফেভারিট ভাবার বিষয়টি উড়িয়ে দিলেন এনরিকে। তবে সেমি-ফাইনালে যেতে আত্মবিশ্বাসী এই স্প্যানিশ কোচ।
“লিভারপুলকে নিয়ে কথা বলা কঠিন। লিভারপুল ম্যানেজার আর্না স্লট তাদের সম্পর্কে খুব ভালো কথা বলেছেন। সবাই বোঝার চেষ্টা করছে ফেভারিট কারা, কিন্তু এই ধরনের ম্যাচে এর কোনো মানে হয় না। দুই দলের জন্যই কঠিন হবে।”
“প্রতি বছর যে আমরা প্রতিযোগিতায় টিকে আছি তা দেখানো এবং লিভারপুলের বিপক্ষে খেলা সবসময়ই ইতিবাচক বিষয়। আমরা সেমি-ফাইনালে পৌঁছাতে চাই; আমরা জানি কাজটা কতটা কঠিন হবে, কিন্তু আমরা খুব উজ্জীবিত।”
গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই দল। শেষ ষোলোয় প্রথম লেগে ১-০ গোলে হারের পর ফিরতি একই ব্যবধানে জিতে টাইব্রেকারে লিভারপুলকে বিদায় করে দিয়েছিল পিএসজি।
সেই প্রসঙ্গও টেনে আনলেন পিএসজি কোচ।
“গত বছর সবাই বলেছিল লিভারপুল জিতবে, কিন্তু পিএসজি পরের রাউন্ডে গিয়েছিল।”
