০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

২০ বছরের ক‍্যারিয়ারের ইতি টানলেন বিশ্বকাপজয়ী পেদ্রো

লাৎসিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর, ফ্রি এজেন্ট ছিলেন ৩৯ বছর বয়সি এই ফরোয়ার্ড।

২০ বছরের ক‍্যারিয়ারের ইতি টানলেন বিশ্বকাপজয়ী পেদ্রো

বার্সেলোনার হয়ে ২০টি বড় শিরোপা জিতেন পেদ্রো রদ্রিগেস। ছবি: বার্সেলোনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 07:12 PM

Updated : 07 Oct 2026, 07:12 PM

সুদীর্ঘ ক‍্যারিয়ারের সমাপ্তি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেস।

২০ বছরের ক‍্যারিয়ারে ২৫টি বড় শিরোপা জেতেন পেদ্রো। ৩৯ বছরে এসে বুট জোড়া তুলে রাখলেন তিনি।

গত জুলাইয়ে লাৎসিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট ছিলেন পেদ্রো। ২০১০ বিশ্বকাপের শিরোপাজয়ী দলের সদস‍্য ছিলেন তিনি। খেলেন নেদারল‍্যান্ডসের বিপক্ষে ফাইনালে। ২০১২ ইউরো জয়েও তিনি ভূমিকা রাখেন। সামাজিক মাধ‍্যমে এক বিবৃতিতে অবসরের ঘোষণা দেন পেদ্রো।

“আমি অনুভব করছি, এটাই সময়। সময় এসেছে একধাপ এগিয়ে যাওয়ার ও জীবনের নতুন অধ‍্যায় শুরু করার। স্বপ্ন পূরণের গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার পাশে থেকে যারা এটাকে বাস্তবে পরিণত করেছে, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে এতো খুশি করার জন‍্য ধন‍্যবাদ তোমাকে, ফুটবল।”

২০০৮ সালের বার্সেলোনার মূল দলে আসেন পেদ্রো। পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে দ্রুত নিজেকে মেলে ধরেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে জেতেন ২০টি বড় শিরোপা।

টেনেরিফে জন্ম নেওয়া পেদ্রো ২০১১ চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম‍্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ ব‍্যবধানের জয়ে পান জালের দেখা। ২০১৫ সালে তিনি যোগ দেন চেলসিতে।

স্ট‍্যামফোর্ড ব্রিজে নিজের দ্বিতীয় মৌসুমে জেতেন প্রিমিয়ার লিগ শিরোপা। পরে যোগ দেন এস রোমায়। ক‍্যারিয়ারের শেষ পাঁচ বছর তিনি খেলেন লাৎসিওতে।

ক্লাব পর্যায়ে ৭৯৪ ম‍্যাচ খেলে করেন ১৯৭ গোল। স্পেনের হয়ে ৬৫ ম‍্যাচে তার গোল ১৭টি।