১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মুম্বাই ছেড়ে পাঞ্জাবে হার্দিক পান্ডিয়া

আর্শদিপ সিংকে দিয়ে অভিজ্ঞ এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে নিচ্ছে পাঞ্জাব কিংস।

মুম্বাই ছেড়ে পাঞ্জাবে হার্দিক পান্ডিয়া

নতুন দলের জার্সিতে হার্দিক পান্ডিয়া। ছবি: পাঞ্জাব কিংস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 03:23 PM

Updated : 11 Nov 2026, 03:23 PM

আইপিএলের নতুন আসর নজরে রেখে ‘ট্রেড’ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। ২০২৭ আসরের আগে ঠিকানা বদলে যাচ্ছে হার্দিক পান্ডিয়া ও আর্শদিপ সিংয়ের।

২০২৪ আসরে মুম্বাইকে নেতৃত্ব দেওয়া অলরাউন্ডার পান্ডিয়া যোগ দিচ্ছেন পাঞ্জাবে। আর ২০১৯ সালে আইপিএল অভিষেকের পর থেকে পাঞ্জাবের হয়ে খেলা বাঁহাতি পেসার আর্শদিপ যাচ্ছেন মুম্বাইয়ে। সেখানে তিনি জাসপ্রিত বুমরাহর সঙ্গে গড়ে তুলতে পারেন দুর্দান্ত এক জুটি।

এক বিবৃবিতেত আইপিএল জানিয়েছে, ১৮ কোটি রুপিতে পাঞ্জাবে যোগ দিচ্ছেন পান্ডিয়া। তার বেতন ছিল ১৬ কোটি ৩৫ লাখ রুপি। বিদ‍্যমান ১৮ কোটি রুপিতেই মুম্বাইয়ে যাচ্ছেন হার্শদিপ।

পরের মৌসুমের জন‍্য নতুন অধিনায়ক খুঁজছে মুম্বাই। তার মধ‍্যেই এলো পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার খবর। আইপিএলে এই অভিজ্ঞ অলরাউন্ডারের তৃতীয় দল হবে পাঞ্জাব। মুম্বাইয়ে ফিরে আসার আগে গুজরাট টাইটান্সের হয়ে দুই মৌসুমে খেলেন তিনি। পাঁচবার শিরোপা জিতেছেন তিনি, চারবার মুম্বাইয়ের হয়ে, একবার গুজরাটের হয়ে।

২০২৪ সালে পান্ডিয়ার নেতৃত্বে তলানিতে থেকে আসর শেষ করেছিল মুম্বাই। পরের মৌসুমে তারা খেলে প্লে-অফে। ২০২৬ আসরে হয় নবম।

মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে পান্ডিয়ার রেকর্ড খুব বিবর্ণ। ৩৯ ম‍্যাচে হার ২৪টি, জয় কেবল ১৫।

পাঞ্জাবের হয়ে আট মৌসুমে ৯৬ ম‍্যাচ খেলেছেন আর্শদিপ। তার ১১১ উইকেট এই প্রতিযোগিতায় পাঞ্জাবের কারও সর্বোচ্চ।

‘দল পুনর্গঠনে’ কোচদের আগেই সরিয়ে ফেলেছে মুম্বাই। এবার অধিনায়ককেও ছেড়ে দিল তারা। সব মিলিয়ে নতুন শুরুর দিকেই তাকিয়ে সফল এই ফ্র‍্যাঞ্চাইজি।