জয়ের তৃপ্তির পাশাপাশি কিছু আক্ষেপও আছে কাবরেরার
বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে কম্বোডিয়ার চেয়ে পিছিয়ে থাকার বিষয়টি অকপটে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ।
কম্বোডিয়াকে প্রীতি ম্যাচে হারানোর পর মিশ্র অনুভূতির লুকোচুরি খেলা চলছে হাভিয়ের কাবরেরার মনে। রক্ষণ জমাট রেখে জয়ের তৃপ্তি আছে ঠিকই; কিন্তু বলের নিয়ন্ত্রণে পিছিয়ে থাকা, আক্রমণগুলো যথেষ্ট ধারাল না হওয়া নিয়ে হতাশাও কম নয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের।
নম পেনে অলিম্পিক স্টেডিয়ামে বৃহস্পতিবার মজিবুর রহমান জনির একমাত্র গোলে কম্বোডিয়াকে হারায় বাংলাদেশ। এই জয়ে আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে দল দারুণ আত্মবিশ্বাসী থাকবে বলেও বিশ্বাস কোচের।
কিন্তু ২৫তম মিনিটে জনির ওই গোলের মুহূর্তটি ছাড়া ম্যাচের বাকিটা সময় ছড়ি ঘুরিয়েছে কম্বোডিয়া। যদিও মিঠু-তারিকদের জমাট রক্ষণ ভেদ করে, আনিসুর রহমান জিকোর বাধা পেরিয়ে জালের দেখা পায়নি তারা। কাবরেরার তুষ্টিও এখানে।
“জয় পাওয়ায় অবশ্যই খুশি। আমরা জানতাম ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে, কেননা কম্বোডিয়ার বল নিয়ন্ত্রণের সক্ষমতা এবং টেকনিক্যাল সামর্থ্য অনেক উঁচুতে।”
“আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে হয়নি। আমরা জানি, আমরা কি করতে চেয়েছি, আমাদেরকে বৈচিত্রময় দল হতে হবে। যতটা বলের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলাম, যতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চেয়েছিলাম, সেটা পারিনি।”
গত বছর সেপ্টেম্বরে কম্বোডিয়াকে পাল্টা আক্রমণ থেকে পাওয়া একমাত্র গোলে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ফলে, খেলার ধাঁচে সেই ম্যাচের পুনরাবৃত্তিই দেখছেন কাবরেরা।
“আমি মনে করি ম্যাচটা একই ধাঁচের হয়েছে। কম্বোডিয়া বলের নিয়ন্ত্রণ বেশি করেছে। সুযোগও বেশি তৈরি করেছে। কিন্তু আমরা ডিফেন্সিভ ব্লকে অস্বচ্ছন্দ্য ছিলাম না। স্বচ্ছন্দ্য ছিলাম। আমরা জানি, এ কাজে (রক্ষণে) আমরা ভালো।”
“আগের ম্যাচেও এটা হয়েছে। আমরা সুযোগ কাজে লাগিয়েছি। গত সেপ্টেম্বরে প্রতি-আক্রমণ থেকে গোল করেছিলাম। আজকের অ্যাকশন চমৎকার। নিখুঁত ক্রস, আরেকজন উইঙ্গার অন্য প্রান্ত দিয়ে এসে ভলি করেছে। আমি মনে করি, দুই ম্যাচ একই রকম হয়েছে।”
ফলের হিসেবে কম্বোডিয়া সফর কাবরেরার জন্য স্বস্তির বটে। কম্বোডিয়ান লিগের দল টিফফি আর্মির বিপক্ষেও আগের প্রস্তুতি ম্যাচে একই ব্যবধানে জিতেছিল দল। তবে সাফের মূল লড়াইয়ে ‘একটা দল হয়ে ওঠার’ প্রয়োজন বোধ করছেন এই স্প্যানিশ কোচ।
“কম্বোডিয়া আমাদের চেয়ে কৌশলগতভাবে ভালো দল। আমরাও ভালো দল এবং তাদের জন্য তৈরি ছিলাম। আমাদের এমন একটা দল হতে হবে, যাদের জানতে হবে কিভাবে সবকিছু করতে হয়। নইলে আমরা একটা দল হয়ে উঠতে পারব না।”
