২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিতে যোগ দেওয়ার ‘খুব কাছে’ ছিলেন রোনালদো

পিতৃতুল্য ফার্গুসনের চাওয়ায় ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সিদ্ধান্ত বদলেছিলেন বলে দাবি পর্তুগিজ তারকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2022, 03:44 PM

Updated : 17 Nov 2022, 03:44 PM

দুই বছর আগে জোরাল গুঞ্জন উঠেছিল, ক্রিস্তিয়ানো রোনালদো নাকি ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন। এবার মিলল তার সত্যতা। খেলোয়াড় নিজেই তা বললেন। তবে একেবারে শেষ ধাপে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের চাওয়ায় মত বদলে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেছিলেন পর্তুগিজ তারকা। 

গত বছরের অগাস্টে ইউভেন্তুস ছেড়ে দ্বিতীয় দফায় ইউনাইটেডে যোগ দেন রোনালদো। এর আগের কদিনে এই ফরোয়ার্ডের ভবিষ্যৎ ঠিকানা হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল সিটির নাম। রিয়াল মাদ্রিদ ও পিএসজির কথাও এসেছিল। কয়েকটি গণমাধ্যমের খবর ছিল, মৌখিকভাবে সিটির সঙ্গে নাকি পর্তুগাল অধিনায়ক সমঝোতায়ও পৌঁছে গিয়েছিলেন।

ক্লাবের ইতিহাসের সেরাদের একজন যোগ দেবেন নগর প্রতিদ্বন্দ্বী ক্লাবে-এটা কোনোভাবেই মানতে পারছিলেন না ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ও সমর্থকরা। শুরু হয় ঘরের ছেলেকে ফেরানোর অভিযান। তাতে মুখ্য ভূমিকা রাখেন রোনালদোর কাছে পিতৃতূল্য ফার্গুসন। 

ফার্গুসনের হাত ধরেই তরুণ রোনালদো এসেছিলেন ওল্ড ট্র্যাফোর্ডে, শুরু করেছিলেন বিশ্ব জয়ের যাত্রা। ছয়টি মৌসুম যার কোচিংয়ে নিজেকে মেলে ধরেছিলেন, সেরাদের একজন হওয়ার পথে পা বাড়িয়েছিলেন, সেই গুরুর এক কথাতেই মত পাল্টে ফেলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। 

সেসময়ই গণমাধ্যমে খবর বের হয়, রোনালদোকে সিটিতে যেতে ফার্গুসনই বারণ করেন। টকটিভিতে পিয়ার্স মর্গ্যানকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সে সময়ের কিছু কথা তুলে ধরেছেন ৩৭ বছর বয়সী রোনালদো।

“সত্যি বলতে, (ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার) খুবই কাছে ছিলাম…এ বিষয়ে অনেক কথা হয়েছে এবং (ম্যানচেস্টার সিটির কোচ) গুয়ার্দিওলা দুই সপ্তাহ আগে বলেছিলেন, তারা হয়তো আমাকে পেতে অনেক চেষ্টা করেছিল।” 

“কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে আমার ইতিহাস, ক্লাবটি নিয়ে আমার আবেগ, অনুভূতি…এসবই সিদ্ধান্ত বদলে দেয়। আর অবশ্যই, স্যার অ্যালেক্স ফার্গুসন। আমি অবাক হয়েছিলাম…তবে সিদ্ধান্তটা সজ্ঞানেই নিয়েছিলাম। কারণ ওই মুহূর্তে আমার মন সেটাই চাইছিল।” 

প্রথম অধ্যায়ে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউনাইটেডে ছিলেন রোনালদো। তখন প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে জিতেছিলেন ৮টি মেজর শিরোপা। এরপর রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের সেরা সময় পার করে ২০১৮ সালে ইউভেন্তুসে যোগ দেন। পরে ফেরেন প্রিয় ঠিকনায়।

“আমার মনে হয়, এটাই (ফার্গুসনের চাওয়া) ছিল সিদ্ধান্ত বদলের মূল কারণ। ওই মুহূর্তে সেটাই পার্থক্য গড়ে দিয়েছিল। তবে আমি এটা বলতে পারছি না যে, ম্যানচেস্টার সিটি কাছাকাছি ছিল না।” 

“আমি তার (ফার্গুসন) সঙ্গে কথা বলেছিলাম…তিনি আমাকে বলেছিলেন, ‘ম্যানচেস্টার সিটিতে তুমি যেতে পারো না, অসম্ভব’। আমি বলেছিলাম, ‘ওকে, বস’। এরপর আমি সিদ্ধান্তটি নেই এবং…এটা ভালো সিদ্ধান্ত ছিল।” 

তবে এবারের ফেরাটা সুখকর হয়নি রোনালদোর। প্রথম মৌসুমে তিনি ব্যক্তিগতভাবে উজ্জ্বল থাকলেও দল ছিল বিবর্ণ। আর চলতি মৌসুমে নিজেও ধুঁকছেন। মৌসুমের শুরু থেকেই নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না, শুরুর একাদশেও জায়গা হারিয়েছেন আগেই।

সব কিছু মিলিয়ে ক্লাব কর্মকর্তাদের প্রতি বিরক্ত, তাদের আচরণে ক্ষুব্ধ ৩৭ বছর বয়সী এই ফুটবলার। মর্গ্যানকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইউনাইটেডের বোর্ড, মালিকপক্ষ, কোচ এরিক টেন হাগকে নিয়ে করেন বিস্ফোরক মন্তব্য। রোনালদোর অভিযোগ, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ক্লাব। 

রোনালদো আরও দাবি করেছেন, গত জুলাইয়ে তার মেয়েকে হাসপাতালে নেওয়ার সময় ইউনাইটেড তাকে সমর্থন করেনি। উল্টো ক্লাব কর্তৃপক্ষ নাকি খেলোয়াড়ের উদ্দেশ্য ও কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল এবং প্রাক-মৌসুম প্রস্তুতিতে সময়মতো না পৌঁছানোয় সহানুভূতিও দেখায়নি।