২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুর বিপক্ষে মেসির খেলা নিয়ে সিদ্ধান্ত পরে, বললেন স্কালোনি

প্যারাগুয়ের বিপক্ষে লিওনেল মেসিকে খেলানো নিয়েও দুঃশ্চিন্তায় ছিলেন আর্জেন্টিনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 06:58 PM

Updated : 13 Oct 2023, 06:57 PM

প্রায় এক মাস চোটে ভোগা লিওনেল মেসিকে প্যারাগুয়ের বিপক্ষে খেলানো নিয়ে দোটানায় ছিলেন লিওলেন স্কালোনি। শুরুর একাদশে তাই এই ফরোয়ার্ডকে খেলাননি; নামিয়েছিলেন বদলি হিসেবে। মাঠে খুব বেশি সময় না থাকলেও ঠিকই দ্যুতি ছড়ান মেসি। তবে তাকে পেরুর বিপক্ষে খেলানোর সিদ্ধান্ত আরও ভেবেচিন্তে নিতে চান আর্জেন্টিনা কোচ।

২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বাংলাদেশ সময় শুক্রবার সকালে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। তৃতীয় মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন নিকোলাস ওতামেন্দি।

৫৩তম মিনিটে হুলিয়ান আলভারেসের বদলি নামেন মেসি। দুটি শট পোস্টে প্রতিহত না হলে গোলের দেখা পেতে পারতেন বিশ্বকাপজয়ী এই মহাতারকাও।

টানা তিন জয়ে বাছাইয়ের টেবিলে শীর্ষে থেকে আগামী বুধবার পেরুর বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচে মেসিকে খেলানোর সিদ্ধান্ত পরে নিতে চান স্কালোনি।

“সামনের দিনগুলোতে আমরা এটা নিয়ে কথা বলব। আরও দুটি ট্রেনিং সেশন আছে, যেখানে মেসি প্রস্তুতি নেওয়ার সময় পাবে এবং এরপর আমরা বিষয়টি দেখব। (প্যারাগুয়ের বিপক্ষে) আজ তাকে (চোট থেকে সেরে ওঠার কারণে) স্বাভাবিকের চেয়ে বেশিক্ষণ খেলানো ঝুঁকির ছিল।”

মেসির সঙ্গে কথা বলেই প্যারাগুয়ে ম্যাচে তাকে খেলানোর সিদ্ধান্ত হয়েছিল বলেও জানালেন বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি।

“আমরা এটা নিয়ে কথা বলেছিলাম এবং এ বিষয়ে সম্মত হয়েছিলাম। আমি মনে করি, এটা বিচক্ষণ সিদ্ধান্ত ছিল যে, ঝুঁকি নিয়েই আমরা তাকে খেলালাম। পেরু ম্যাচে তাকে খেলানোর বিষয়টি নিয়ে আমরা কথা বলব এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”