বার্সা ছেড়ে পিএসজির পথে দেম্বেলে, ‘ব্যথিত’ শাভি
কাম্প নউয়ে ছয় বছরের অধ্যায়ের ইতি টেনে নতুন ঠিকানায় পাড়ি জমাতে যাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড।
বার্সেলোনা থেকে উসমান দেম্বেলে পিএসজিতে যাচ্ছেন বলে সংবাদমাধ্যমে খবর আসছিল বেশ কিছুদিন ধরেই। এবার কাতালান ক্লাবটির কোচ শাভি এর্নান্দেসও নিশ্চিত করে দিলেন, কাম্প নউ ছেড়ে প্যারিসে পাড়ি জমাচ্ছেন এই ফরাসি ফরোয়ার্ড। তার চলে যাওয়াটা যদিও বেশ পোড়াচ্ছে শাভিকে।
প্রাক-মৌসুম প্রস্তুতিতে বুধবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এসি মিলানের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলে জয়ের প্রীতি ম্যাচে খেলানো হয়নি দেম্বেলেকে। এর কারণ ম্যাচের পর ব্যাখ্যা করেন শাভি।
"সে জানিয়েছে, তার কাছে এই (পিএসজিতে যাওয়ার) প্রস্তাব এসেছে এবং সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সে সরাসরিই বলেছে, পিএসজি থেকে তার কাছে একটি প্রস্তাব এসেছে, তারা তাকে ডেকেছে এবং এখানে আমরা কিছুই করতে পারি না। এই কারণেই আজ সে খেলেনি।”
"(তার চলে যাওয়া) আমাকে কষ্ট দিচ্ছে। কারণ আমি মনে করি, এখানে আমরা তার খুব ভালো যত্ন নিয়েছি যাতে সে খুশি এবং সন্তুষ্ট থাকে এবং আমাদের জন্য মাঠে পার্থক্য গড়ে দেওয়া অব্যাহত রাখে।”
২০১৭ সালে অনেক প্রত্যাশা নিয়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সাড়ে ১৩ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দেন দেম্বেলে। তবে মাঝে মধ্যে প্রতিভার ঝলক দেখালেও প্রথম কয়েক বছরে সেভাবে ধারাবাহিক হতে পারেননি তিনি। একের পর চোটের আঘাতে প্রথম চার বছরে তাকে বাইরে কাটাতে হয় অনেকটা সময়। মাঠের বাইরের কিছু কর্মকাণ্ডও ছিল বিতর্কিত। অনুশীলনে সময় মতো না আসার কারণে জরিমানাও গুনতে হয় তাকে।
তার চুক্তি নবায়ন নিয়েও জলঘোলা কম হয়নি। মাঝে তো সম্পর্ক একরকম ভেঙেই গিয়েছিল দুই পক্ষের। একটা পর্যায়ে চুক্তি নবায়ন না করলে তাকে ক্লাব ছাড়তে বলে দেয় কর্তৃপক্ষ। এই ইস্যুতে ক্লাবে একটা সময় ব্রাত্যও হয়ে পড়েন তিনি।
তবে শাভি কোচ হয়ে আসার পর এবং তার সঙ্গে ফলপ্রসু আলোচনায় সমস্যার সমাধান মেলে। শুরুর একাদশেও হয়ে ওঠেন নিয়মিত। আগের চুক্তি শেষ হওয়ার পর গত বছর নতুন করে চুক্তিবদ্ধ হন দুই বছরের জন্য।
গত ডিসেম্বরে বিশ্বকাপের ফাইনালে খেলা ফ্রান্স দলে ছিলেন দেম্বেলে। তবে ঊরুর চোটে মৌসুমের দ্বিতীয়ভাগে বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয় তাকে। বার্সেলোনা মৌসুম শেষ করে লা লিগা শিরোপা জিতে।
যুক্তরাষ্ট্র সফরে গত শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল করেন দেম্বেলে।
কাতালান ক্লাবটির জার্সিতে ১৮৫ ম্যাচ খেলে তার নামের পাশে গোল ৪০টি। দলটিতে তার ছয় বছরের পথচলার ইতি ঘটতে যাচ্ছে এবার।
