চোটের থাবা থেকে বাঁচার প্রার্থনা আর্তেতার
নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তার দলের কোনো খেলোয়াড় যেন চোটে না পড়ে, সেটাই এখন সবচেয়ে বড় চাওয়া আর্সেনাল কোচের।
একের পর এক খেলোয়াড়ের চোট সমস্যায় দল সাজাতেই হিমশিম খেতে হচ্ছে আর্সেনাল কোচ মিকেল আর্তেতার। দলের পারফরম্যান্সেও পড়ছে এর প্রভাব। তাই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে স্কোয়াডের আর কেউ যেন চোটে না পড়ে, সেই প্রার্থনা করছেন তিনি।
চলতি মৌসুমে খেলোয়াড়দের ফিটনেস সমস্যায় চরমভাবে ভুগছে আর্সেনাল। সময়টাকে দুঃস্বপ্নের মতো লাগছে আর্তেতার কাছে। ছন্দ হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই থেকে অনেকটা পিছিয়ে পড়েছে গত দুই মৌসুমের রানার্সআপরা। ১১ ম্যাচে ৫ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে তারা; শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে।
সবশেষ রোববার লিগে চেলসির বিপক্ষে ১-১ ড্র ম্যাচের পরও আর্সেনাল শিবিরে উঁকি দিয়েছে চোট শঙ্কা। চলতি মাসের শুরুতে নিউক্যাসলে পায়ের আঙুলে চিড় ধরার পরও এই ম্যাচে শুরুর একাদশে খেলতে নামেন ডেকলান রাইস। পুরো ম্যাচ অবশ্য খেলতে পারেননি তিনি।
গত মাসে ব্রাজিলের হয়ে খেলার সময় পেশিতে চোট পাওয়া গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও চেলসির বিপক্ষে পুরো সময় থাকতে পারেননি মাঠে। তাকে ও রাইসকে ৭১তম মিনিটে তুলে নেন আর্তেতা। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে বুকায়ো সাকাকে দেখা যায় খুঁড়িয়ে মাঠ ছাড়তে।
চলতি মৌসুমে আরও অনেকের সঙ্গে ইউরিয়েন টিম্বার, টমাস পার্টি, বেন হোয়াইট ও তাকেহিরো তমিয়াসুকেও মাঝে মধ্যে পায়নি আর্সেনাল। নরওয়ের হয়ে খেলার সময় অ্যাঙ্কেলে চোট পেয়ে লম্বা সময় বাইরে ছিলেন তাদের মাঝমাঠের ভরসা মার্টিন ওডেগোর। সেই সমস্যা কাটিয়ে ৩১ অগাস্টের পর চেলসি ম্যাচ দিয়ে মাঠে নামেন তিনি।
সব মিলিয়ে, মৌসুমে এখন পর্যন্ত স্বস্তিতে নেই আর্সেনাল। সামনের পথচলায় যেন আর চোট সমস্যায় পড়তে না হয়, এখন সেই দোয়া করছেন দলটি কোচ আর্তেতা।
“আমি প্রার্থনা করছি, আন্তর্জাতিক বিরতির পর যেন দলের সবাই প্রস্তুত থাকে। সবাইকে যেন পাওয়া যায় এবং সবাই যেন ফিট থাকে, কারণ আট সপ্তাহ ধরে দুঃস্বপ্নের মতো সময় কাটছে। একের পর এক শঙ্কা, একের পর এক সমস্যা; শুধু যারা খেলতে পারছে না তাদের নিয়েই নয়, যারা কিছু সময় খেলতে পারছে এবং পরে আর পারছে না তাদের নিয়েও।”
“আমার চাওয়া এখন শুধু এটাই, কারণ দলের আকাঙ্ক্ষা এবং আমরা কতটা চাই, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। এটা (সাফল্য) আসবেই। সেজন্য আমাদের স্রেফ প্রয়োজন আরও ধারাবাহিক হওয়া।”
নেশন্স লিগের ম্যাচে আগামী বৃহস্পতিবার গ্রিসের মুখোমুখি হবে ইংল্যান্ড। এর দুই দিন পর রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এই দুই ম্যাচে সাকা ও রাইসকে পাবে কিনা ইংলিশরা, নিশ্চিত নন আর্তেতা।
“তাদের অবস্থা ভালো মনে হচ্ছে না। কারণ এত গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড় খেলা চালিয়ে যেতে পারবে না, এটা অবশ্যই ভালো খবর নয়।”
“(সাকা ও রাইস) দুজনকেই মাঠ ছাড়তে হয়েছে। এই অবস্থায় তাদের (এত অল্প সময়ের মধ্যে) ফিট হয়ে ওঠার আশা করব কিনা, আমি জানি না। কারণ তারা যদি ফিট থাকত, তাহলে তো খেলার মাঝে উঠে আসত না।”
