২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডর্টমুন্ড ছাড়ছেন কোচ তেরজিচ

সদ্য শেষ হওয়া মৌসুমে দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুললেও আর দায়িত্ব চালিয়ে যেতে চান না তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2024, 07:48 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

বরুশিয়া ডর্টমুন্ডের ডাগআউটে নতুন কোচের প্রয়োজনীয়তা অনুভব করছেন এদিন তেরজিচ। তাই প্রধান কোচ হিসেবে তার চুক্তি বাতিলের জন্য ক্লাবের কাছে অনুরোধ করেছেন তিনি। 

২০২২ সালের মে মাসে স্থায়ীভাবে ডর্টমুন্ডের দায়িত্ব নেন তেরজিচ। সদ্য শেষ হওয়া মৌসুমে তার হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে জার্মান দলটি। ওয়েম্বলিতে শিরোপা লড়াইয়ে রেয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে যায় তারা।

২০২৩-২৪ মৌসুমে বুন্ডেসলিগায় অবশ্য ভালো করতে পারেনি ডর্টমুন্ড। পাঁচে থেকে আসর শেষ করে জায়গা পায় পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।

২০২১ সালে ডর্টমুন্ডকে জার্মান কাপের শিরোপাও এনে দেন তেরজিচ। তখন তিনি অন্তর্বর্তী কোচের দায়িত্বে ছিলেন।

ডর্টমুন্ড বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, ৪১ বছর বয়সী তেরজিচের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। দলটিতে স্কাউট ও সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

২০২২-২৩ মৌসুমে তার কোচিংয়ে বুন্ডেসলিগা শিরোপা জয়ের খুব কাছে পৌঁছেছিল ডর্টমুন্ড। কিন্তু শেষ রাউন্ডে মাইন্সের বিপক্ষে পয়েন্ট হারিয়ে স্বপ্নভঙ্গ হয় তাদের।

ডর্টমুন্ডকে কোচিং করাতে পেরে গর্বিত অনুভব করছেন তেরজিচ। নতুন মৌসুমে ডাগআউটে পরিবর্তন প্রয়োজন বলে মনে হচ্ছে তার।

“ওয়েম্বলিতে ফাইনালের পর আমি ক্লাবের দায়িত্বপ্রাপ্তদেরকে আলোচনার জন্য বলেছিলাম, কারণ বিভিবিতে (বরুশিয়া ডর্টমুন্ড) ১০ বছর, এর মধ্যে পাঁচ বছর কোচিং দলের অংশ এবং আড়াই বছর প্রধান কোচ হিসেবে থাকার পর আমি মনে করি, টাচলাইনে নতুন কাউকে দিয়ে আসন্ন নতুন মৌসুম শুরু হওয়া উচিত।”