২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে জাতীয় সংগীতে মাঠে থাকবেন সব ফুটবলার

জাতীয় সংগীতের সময় মাঠের মাঝের বৃত্তে দুই দলের খেলোয়াড়রা মুখোমুখি দাঁড়াবেন।

বিশ্বকাপে জাতীয় সংগীতে মাঠে থাকবেন সব ফুটবলার
বিশ্বকাপে জাতীয় সংগীতের সময় আর এভাবে দাঁড়াতে দেখা যাবে না খেলোয়াড়দের। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 12:31 AM

Updated : 11 Sep 2026, 03:21 PM

আসন্ন বিশ্বকাপে জাতীয় সংগীতের রীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ফিফা। প্রতিটি দলের ২৬ জন খেলোয়াড়ই জাতীয় সংগীতের সময় মাঠে থাকবেন। 

এতদিন আন্তর্জাতিক ফুটবলে জাতীয় সংগীতের সময় কেবল শুরুর একাদশের খেলোয়াড়রাই মাঠে থাকতেন এবং বেঞ্চের খেলোয়াড়রা কোচ ও কোচিং স্টাফদের সঙ্গে সাইডলাইনে সারিবদ্ধভাবে দাঁড়াতেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে সেই রীতিতে পরিবর্তন আসবে।

খেলোয়াড়রা এখন গ্যালারির দিকে মুখ করে দাঁড়ানোর পরিবর্তে মাঠের মাঝের বৃত্তের চারপাশে দাঁড়াবেন এবং শুরুর একাদশে না থাকা ১৫ জন খেলোয়াড় মাঝের বৃত্তের দুই পাশে সতীর্থদের সঙ্গে যোগ দেবেন।

এক বিবৃতিতে এই পরিবর্তন আনার কারণ তুলে ধরেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

“বিশ্বকাপ যত এগিয়ে যাচ্ছে, আমরা খেলাটি উপভোগ করার পদ্ধতিতেও নতুনত্ব আনছি। জাতীয় সংগীত চলাকালীন সকল খেলোয়াড় ও রেফারিদের মাঝের বৃত্তে মুখোমুখি দাঁড়ানোটা একতা, গর্ব ও আবেগের এমন একটি মুহূর্ত তৈরি করবে, যা প্রকৃতপক্ষে দলগুলোর এবং সকলেরই।”

এই বিশ্বকাপে এটিই প্রথম নতুন উদ্ভাবন নয়; এর আগে বিশ্বকাপ ফাইনালের বিরতির সময় সুপার বোল ধাঁচের একটি ‘হাফ-টাইম শো’-এর ঘোষণা দিয়েছে ফিফা, যেখানে ম্যাডোনা ও শাকিরার মতো শিল্পীরা পারফর্ম করবেন।

রেকর্ড ৪৮টি দল ও ১০৪টি ম্যাচের এযাবৎকালের সবচেয়ে বড় এই বিশ্বকাপে প্রথমবার তিনটি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানও দেখা যাবে, প্রতিটি আয়োজক দেশে একটি করে।

খেলার নিয়মেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে; কর্নার ও দ্বিতীয় হলুদ কার্ড পর্যালোচনার জন্য ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ব্যবহার করা হবে। এছাড়া গোল কিক ও থ্রো-ইনের জন্য থাকবে নির্ধারিত সময়সীমা এবং প্রতিটি অর্ধে তিন মিনিটের একটি পানি পানের বিরতিও থাকবে।