Published : 12 May 2026, 05:24 PM
আগের মৌসুমে ছোট হলেও দুটি শিরোপা যোগ হয়েছিল অর্জনের খাতায়; কিন্তু এবার নেই কিছুই। টানা দুই মৌসুমে রেয়াল মাদ্রিদের এমন অবস্থা মানতেই পারছেন না ক্লাবটির গ্রেট ফুটবলার টনি ক্রুস।
২০২৪-২৫ মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপ জিতেছিল রেয়াল। আর মৌসুমের মাঝামাঝি তারা উঁচিয়ে ধরেছিল ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। আর চলতি মৌসুমে তো তেমন সান্ত্বনারসূচকও কিছু পায়নি তারা।
চলতি মৌসুমে বরং তাদের পারফরম্যান্স হয়েছে আরও এলোমেলো। দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায়, এরপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই পরাজয়।
বাকি যা একটু আশা ছিল লা লিগায়, সেটাও শেষ হয়ে গেছে গত রোববার। ক্লাসিকোয় তাদেরকে ২-০ গোলে হারিয়ে, তিন রাউন্ড বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। অথচ মৌসুমে একটা সময় বেশ বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে ছিল মাদ্রিদের দলটি।
সাবেক দলের এমন ছন্নছাড়া অবস্থা কিছুতেই মানতে পারছেন না ক্রস। লুপেন চ্যানেলে ভাই ফেলিক্সের সঙ্গে ক্লাসিকোয় উত্তরসূরিদের পারফরম্যান্স নিয়ে আলোচনায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
“কোনো (বড়) শিরোপা জয় ছাড়াই দুই মৌসুম রেয়াল মাদ্রিদে অগ্রহণযোগ্য। দলের মধ্যে বিরাজমান খারাপ আবহের প্রভাব পড়েছে ম্যাচের ফলে। হয়তো তারা ক্লাসিকো জয়ের জন্য প্রেরণা পেতে পারতো, তবে তা যথেষ্ট ছিল না। আমার মনে হয়, ম্যাচের ফল আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল, ম্যাচ শুরুর আগেই।”
“দ্বিতীয়ার্ধে খেলা তুলনামূলক ভারসাম্যপূর্ণ ছিল, কিন্তু তারা গোল করতে পারেনি। বার্সাকে অভিনন্দন।”
জানুয়ারিতে ওই সময়ের কোচ শাবি আলোন্সোকে ছাঁটাই করে আলভারো আরবেলোয়াকে দায়িত্ব দেয় রেয়াল। তার কোচিংয়ে মাঝে দল ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও তা টেকসই হয়নি। মার্চের আন্তর্জাতিক বিরতির পর, একেবারেই যেন এলোমেলো হয়ে পড়ে তারা।
দলটির লকার রুমে বাড়তে থাকা অসন্তোষ নিয়েও গুঞ্জন ছড়ায়। ক্লাসিকোর আগে সেটাই যেন প্রকাশ্য হয়ে ওঠে অহেলিয়া চুয়ামেনি ও ফেদে ভালভের্দের মধ্যে ‘মারামারির ঘটনায়।’ উরুগুয়ের মিডফিল্ডার ভালভের্দে অবশ্য পরে কোনোরকম মারামারির কথা অস্বীকার করেন; তবে তাদের মধ্যে দ্বন্দ্ব যে বড় মাত্রা পেয়েছিল, তাতে সন্দেহ নেই।
ক্লাসিকোয় দলটির বাজে পারফরম্যান্সের পেছনে ড্রেসিং রুমের ঘটনার প্রভাব থাকারই ইঙ্গিত করেন জার্মানির বিশ্বকাপ জয়ী প্লেমেকার ক্রুস।