১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তরুণ ফরোয়ার্ডের জোড়া গোলে ম্যানচেস্টার সিটির জয়

লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে দুই পয়েন্টের ব্যবধানে উঠে এসেছে পেপ গুয়ার্দিওলার দল।

তরুণ ফরোয়ার্ডের জোড়া গোলে ম্যানচেস্টার সিটির জয়
ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়া নিকো ও’রাইলিকে ঘিরে ম্যানচেস্টার সিটির উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 04:15 AM

Updated : 26 Aug 2026, 03:00 PM

আর্সেনাল টানা দুই ম্যাচে হোঁচট খাওয়ায় সুযোগটা দারুণভাবে কাজে লাগাল ম্যানচেস্টার সিটি। টানা জয়ের ধারায় এবার নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে, শীর্ষস্থানের আরও কাছে চলে এলো পেপ গুয়ার্দিওলার দল।

নিকো ও’রাইলির জোড়া গোলে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছে সিটি।

লিগে টানা তৃতীয় ম্যাচ জিতল তারা।

২৭ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। 

এবারের লিগে প্রথম দেখায় নিউক্যাসলের মাঠে ২-১ গোলে হেরেছিল সিটি। তবে, গত মাসে ও এই মাসের শুরুতে এফএ কাপে সেমি-ফাইনালের দুই লেগেই দলটিকে হারায় পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়াসে এদিন শুরুটা দারুণ হয় সিটির। ত্রয়োদশ মিনিটে গোলের জন্য নেওয়া প্রথম শটেই এগিয়ে যায় তারা। গতিময় পাল্টা আক্রমণে ওমার মার্মাউশের পাস পেয়ে, সময় নিয়ে ডি-বক্সের মুখ থেকে জোরাল শটে গোলটি করেন ও’রাইলি।

দুর্ভাগ্যবশত ৯ মিনিট পর গোল হজম করে সিটি। দূর থেকে জোরাল শট নেন লুইস হল, বল ডিফেন্ডার রায়ান আইত-নুরির গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। পোস্টে কিছুই করার ছিল না জানলুইজি দোন্নারুম্মার। 

তবে আবার এগিয়ে যেতে সময় নেয়নি স্বাগতিকরা। ডান দিক থেকে হলান্ডের ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে, কোনাকুনি হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার ও’রাইলি। জায়গা থেকে নড়ার সুযোগ পাননি গোলরক্ষক নিক পোপ।

চলতি মৌসুমে এই নিয়ে লিগে চারটি ও সব মিলিয়ে ছয়টি গোল করলেন ২০ বছর বয়সী এই ফুটবলার। 

৪২তম মিনিটে ড্যান বার্ন হেডে বল জালে পাঠালেও, সমতায় ফিরতে পারেনি নিউক্যাসল। এই ডিফেন্ডার নিজেই অফসাইডে ছিলেন। তিন মিনিট পর ব্যবধান বাড়তেও পারতো, তবে আর্লিং হলান্ডের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুই দলের খেলার গতি কিছুটা কমলেও, পরে আবারও আক্রমণ-পাল্টা আক্রমণ বেশ জমে ওঠে। আক্রমণে সদা ব্যস্ত হলান্ডকে রক্ষণেও বেশ তৎপর দেখা যায়।

৭৯তম মিনিটে দারুণ একটি পাল্টা আক্রমণ শাণায় সিটি। বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়েন আইত-নুরি, অন্য পাশে অরক্ষিত ছিলেন হলান্ড; কিন্তু পজেশন হারিয়ে ফেলেন আইত-নুরি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে মুহূর্তের ব্যবধানে ভালো দুটি সুযোগ পায় সিটি। দারুণ দৃঢ়তায় প্রথমে হলান্ড ও পরে ফিল ফোডেনের শট আটকে দেন পোপ।

আসরে এই নিয়ে ১১টি ম্যাচ হারল নিউক্যাসল। ৩৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে তারা।