২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহে ৩টি ম্যাচ খেলার মতো ফিট নন রদ্রি

তবে এখন তিনি চোটাক্রান্ত নন, সংবাদ সম্মেলনে জানিয়েছেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

সপ্তাহে ৩টি ম্যাচ খেলার মতো ফিট নন রদ্রি
ম্যানচেস্টার সিটির মাঝমাঠের ভরসা রদ্রি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 07:44 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

চোটের কারণে গত মৌসুমের প্রায় পুরোটা সময় বাইরে কাটানোর পর মাঠে ফিরলেও এখনও পুরো ফিটনেস ফিরে পাননি রদ্রি। তাই মাঝেমধ্যেই কোনো শারীরিক সমস্যায় দলের বাইরে চলে যেতে হয় তাকে। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার আসলে সপ্তাহে তিনটি ম্যাচ খেলার মতো ফিট নন, মনে করেন ক্লাবটির কোচ পেপ গুয়ার্দিওলা।

অনুশীলনের সময় হাঁটুতে প্রচণ্ড ব্যথা অনুভব করায় গত শনিবার প্রিমিয়ার লিগের বার্নলির বিপক্ষের ম্যাচে খেলতে পারেননি রদ্রি। সেই ব্যথা অবশ্য এখন সেরে গেছে তার। 

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার মোনাকোর মাঠে খেলবে সিটি। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। আগের দিন সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা জানালেন, রদ্রির বর্তমান অবস্থা।

“বার্নলি ম্যাচের আগের দিন সে খুব একটা ভালো বোধ করছিল না। আজ (মঙ্গলবার) সে অনেক ভালো বোধ করছে। তার অবস্থা আসলে ক্লাব বিশ্বকাপের সময়কার মতো নয়, এখন সে চোটাক্রান্তও নয়।“

“এই মুহূর্তে, আমার মতে, যদি আমাকে জিজ্ঞেস করেন, সে সপ্তাহে তিন ম্যাচ সেরা অবস্থায় খেলতে পারবে না। আমার মনে হয়, সে এখনও প্রস্তুত নয়। কারণ ওর আরও সময় দরকার। এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে আসলে অন্তত এক বছর সময় লাগে।”

এসিএল চোট কাটিয়ে গত মৌসুমের শেষদিকে মাঠে ফেরেন রদ্রি। জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপেও খেলেন তিনি। 

এরপর আবার ফিটনেস সমস্যায় ভুগতে হয় তাকে, খেলতে পারেননি এবারের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে পারেন ১৫ মিনিট। পরে ম্যানচেস্টার ইউনাইটেড, নাপোলি ও আর্সেনালের বিপক্ষে টানা তিন ম্যাচে শুরুর একাদশে খেলে ছন্দে ফেরার আভাস দেন তিনি। কিন্তু এরপরই আবার জাগে চোট শঙ্কা; হাঁটুর ওই সমস্যায় বার্নলির বিপক্ষে স্কোয়াডেই ছিলেন না তিনি।